দিপক রায়, রংপুর প্রতিনিধি: রংপুরের হারাগাছ এলাকায় গ্রাম্য সালিশ চলাকালীন বিচারপ্রার্থীর হালিম মিয়া নামে এক সমর্থককে প্রতিপক্ষের লোকজন পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার দিবাগত রাতে হারাগাছের টাংরির বাজার নামক এলাকায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটে বলে জানান হারাগাছ থানার ওসি।
হারাগাছ মেট্রোপলিটন থানার ওসি রেজাউল করিম জানান, দীর্ঘদিন ধরে ওই এলাকার বাসিন্দা চাল মিয়া ও মজিবুর রহমানের মধ্যে লেনদেনের বিষয় নিয়ে দন্দ্ব চলে আসছিল। বিষয়টি সুরাহা করতে উভয়পক্ষ গ্রাম্য মাতব্বরদের মাধ্যমে সালিশের আয়োজন করে।
উক্ত সালিমে একই এলাকার হালিম মিয়া চান মিয়ার পক্ষে অবস্থান নেয়। সালিশ চলাকালে উভয়পক্ষের কথাকাটির এক পর্যায়ে প্রতিপক্ষের লোকজন হালিম মিয়াকে পিটিয়ে হত্যা করে।
ওসি রেজাউল করিম বলেন, ঘটনার স্থান রংপুর মেট্রোপলিটনের হারাগাছ থানা ও লালমনিরহাট জেলার সীমানায় হলেও নিহত হালিম হারাগাছ থানার বাসিন্দা। এ ব্যাপারে একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।

