যুক্তরাষ্ট্রে হাসপাতালে বন্দুকধারীর গুলিতে চারজন নিহত হয় এবং একই সঙ্গে সন্দেহভাজন বন্দুকধারীও মারা গেছে । বুধবার (১ জুন) স্থানীয় সময় বিকেলে ওকলাহোমা অঙ্গরাজ্যের তুলসার একটি হাসপাতালে এ ঘটনা ঘটে।
পুলিশ কর্মকর্তারা বলেন, তারা এখনও ঘটনাস্থল সেন্ট ফ্রান্সিস হাসপাতালের চত্বরে কাজ করছেন। এর আগে সেখানে রাইফেল হাতে একজন হামলা চালান।
হামলায় একাধিক ব্যক্তি আহত হয়েছেন বলেও কর্মকর্তারা জানান।
বুধবার (১ জুন) এক সংবাদ সম্মেলনে ডেপুটি পুলিশ চীফ এরিক ডালগ্লিশ বলেন, হামলায় চারজন বেসামরিক লোক মারা গেছে এবং একজন বন্দুকধারী নিহত হয়েছে।
তিনি বলেন, বন্দুকধারীর পরিচয় এখনও পাওয়া যায়নি। সে ঘটনার সময় নিজের গুলিতে মারাত্মকভাবে আহত হওয়ার পর নিহত হয়েছে বলে মনে করা হচ্ছে।
তিনি আরও বলেন, সন্দেহভাজন ব্যক্তির সঙ্গে সে সময় একটি রাইফেল ও একটি হ্যান্ডগান ছিল।
হামলার সম্ভাব্য মোটিভ সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।



