জি এফ মামুন লাকী, মেহেরপুর: মেহেরপুর সদর উপজেলার নুরপুর মাঠে ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের কোপে মোস্তাফিজুর নামের এক পুলিশ সদস্য আহত হয়েছে। আহত পুলিশ সদস্য মুজিবনগর উপজেলার কোমরপুর ক্যাম্পে কর্মরত রয়েছেন। বৃহস্পতিবার ভোর ৫টার দিকে এঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যর অবস্থা আশংকা জনক হওয়ায় ডাক্তার তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফাড করেন। পৃুলিশ ঘটনার সাথে জড়িত সন্দেহে দুই জনকে আটক করেছে।
সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, কোমরপুর ক্যাম্পে কর্মরত পুলিশ কনেস্টবল মোস্তাফিজুর ভোর ৫টার দিকে তার পরিবার নিয়ে ছুটিতে গ্রামের বাড়ি যাওয়ার জন্য ইজিবাইক যোগে মেহেরপুর যাওয়ার পথে নুরপুর মাঠের ভিতরে পৌছালে এক দল ছিনতাইকারী তার পথ রোধ করে। এসময় ছিনতাইকারীরা তার কাছে থাকা নগদ টাকা, মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার সময় সে বাধা প্রদান করলে ছিনতাইকারীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে পালিয়ে যায়। পরে খবর পেয়ে সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। বর্তমানে পুলিশের অভিযান চলছে।