ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, দেশের সহকারী কমিশিনার (ভূমি) তৃণমূল মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর মাধ্যমে সমাজের ভূমি ব্যবস্থাপনার ইতিবাচক প্রতিফলন ঘটাতে সক্ষম। বিদ্যমান ভূমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির একটা বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তিনি সহকারী কমিশনারদেরকে স্থানীয় ভূমি বিরোধের মূল উৎস খোঁজার ওপর গুরুত্বারোপ করে তা নিষ্পত্তি করার নির্দেশ দেন।
উপদেষ্টা আজ রাজধানীর নীলক্ষেতে ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র আয়োজিত পাঁচ সপ্তাহব্যাপী বিভিন্ন জেলার ৩৯ জন সহকারী কমিশনার (ভূমি) প্রশিক্ষণার্থীদের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ নির্দেশনা দেন।
ভূমি উপদেষ্টা বলেন, দেশের সাধারণ মানুষের জন্য একটি স্বচ্ছ, জনবান্ধব ও দুর্নীতিমুক্ত ভূমি ব্যবস্থাপনা কাঠামো গড়ে তুলতে ও সমাজের শান্তি-শৃঙ্খলা নিশ্চিত করতে হলে সহকারী কমিশনারদেরকে কর্মএলাকায় জনগণের সাথে সরকারের সেতুবন্ধ হিসেবে কাজ করতে হবে।
এতে ভূমি বিরোধ মামলাসমূহ হ্রাস পাওয়ার পাশাপাশি মামলার সকল পক্ষের অর্থ, শ্রম ও সময়ের অপচয় রোধ করা সম্ভব হবে। তিনি প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক পদটি মহাপরিচালক পদে উন্নীত করার আশ্বাস দিয়ে প্রশিক্ষণার্থীদের লব্ধজ্ঞানের সদ্ব্যবহার করার আহ্বান জানান। পরে উপদেষ্টা প্রশিক্ষণার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করেন। একই দিনে ভূমি ভবনে ভূমি মন্ত্রণালয়ের ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের অধীন লিজ ও সেটেলমেন্ট ব্যবস্থাপনা পদ্ধতির সফটওয়্যার সৃজন বিষয়ক এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এ সময় উপদেষ্টা বলেন, সফ্টওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানিগুলোকে শর্তানুযায়ী সঠিকভাবে কাজ করতে হবে। চুক্তির ব্যাপারে কোনো আপস নয়।
তিনি বলেন, কোম্পানিগুলোকে কাজের ক্ষেত্রে অধিকতর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের মাধ্যমে তৃণমূল জনগোষ্ঠীর সেবাদান কার্যক্রম অব্যাহত রাখতে হবে। নতুন সফ্টওয়্যার সৃজনের মাধ্যমে দেশের ভূমি ব্যবস্থাপনা বিকশিত হবে। কর্মশালায় জানানো হয়, ভূমি ব্যবস্থাপনা কার্যক্রমের সার্বিক উন্নয়নের লক্ষ্যে সিন্থেটিক সলুশন, মাইসফ্ট হ্যাভেন ও শুটিং স্টার লিমিটেড যৌথভাবে সফটওয়্যার ডেভেলপ সৃজনের কাজ করছে। এর ফলে দেশের হাট-বাজার, জলমহাল ঘোষণা ও অবলুপ্ত, তালিকা হালনাগাদ, ইজারা, বালুমহাল, খাসজমি বন্দোবস্ত, অর্পিত ও পরিত্যক্ত সম্পত্তি, লবণমহাল ও ঘাসমহাল ব্যবস্থাপনা কার্যক্রম স্বচ্ছ, আধুনিকায়ন ও দুর্নীতিমুক্ত করা সম্ভব হবে বলে জানানো হয়।
কর্মশালায় প্রকল্প পরিচালক মোঃ ইফতেখার হোসেনের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন ভূমি সচিব মোঃ খলিলুর রহমান, ভূমি আপিল বোর্ড চেয়ারম্যান মুহম্মদ ইব্রাহিম, ভূমি সংস্কার বোর্ড চেয়ারম্যান মোঃ আব্দুস সবুর মন্ডল, অতিরিক্ত সচিব জিয়াউদ্দীন আহমেদ ও মোঃ এমদাদুল
হক চৌধুরী, মাইসফ্ট হ্যাভেন (বিডি)-এর প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মোফাখখারুল ইসলাম পল্লব প্রমুখ।





