দক্ষ নাবিক তৈরিতে অন্যতম শীর্ষ দেশ হতে পারে বাংলাদেশ-নৌপরিবহন উপদেষ্টা

দক্ষ নাবিক তৈরিতে অন্যতম শীর্ষ দেশ হতে পারে বাংলাদেশ-নৌপরিবহন উপদেষ্টা

বাংলাদেশ দক্ষ নাবিক তৈরিতে বিশ্বের মধ্যে অন্যতম শীর্ষ স্থান অর্জনকারী দেশ হিসেবে পরিগণিত হওয়ার সক্ষমতা রাখে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ড. এম সাখাওয়াত হোসেন।

উপদেষ্টা আজ রাজধানীর আগারগাঁওয়ে নৌপরিবহন অধিদপ্তর কর্তৃক ওয়ার্ড মেরিটাইম ডে-২০২৪ উদযাপন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে এ কথা বলেন। ওয়ার্ল্ড মেরিটাইম দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘নেভিগেটিং দ্য ফিউচার: সেফটি ফার্স্ট’। তিনি জুলাই-আগস্ট বিপ্লবে শাহাদত বরণকারী সকল বীর ছাত্র-জনতাকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

তিনি বলেন, দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলনের ফলেই আজ দেশকে নতুন করে গড়ার সুযোগ সৃষ্টি হয়েছে। সবাইকে ঐক্যবদ্ধভাবে এই সুযোগ কাজে লাগাতে হবে। উপদেষ্টা বলেন, বাংলাদেশের জন্য শুধু বিশেষ একটি দিবসই মেরিটাইম দিবস নয়, প্রতিটি দিনই মেরিটাইম দিবস। আমাদের সামুদ্রিক মানচিত্র অত্যন্ত বৈচিত্র্যময়। আমাদের রয়েছে বৃহত্তম অভ্যন্তরীণ নৌপথ, বিশাল বঙ্গোপসাগর এবং অবশ্যই আমাদের রয়েছে দক্ষ নাবিক।

একসময় এখানেই নির্মাণ করা হতো পাইরেট শিপ যাকে বর্তমানে স্থানীয়ভাবে বলা হয় সাম্পান। চট্টগ্রাম বন্দরের পর আরো দুটো সমুদ্র বন্দর যথা মংলা ও পায়রা সমুদ্র বন্দর যাত্রা শুরু করে। বাংলাদেশের পাঁচটি আন্তর্জাতিকমানের মেরিন একাডেমি হতে দক্ষ ও মেধাবী নাবিকদের প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। এ সকল প্রতিষ্ঠানকে আরো কীভাবে উন্নত করা যায় সেগুলো নিয়ে কাজ করছে সরকার।

বাংলাদেশ মেরিনার তৈরিতে বিশ্বের মধ্যে অন্যতম শীর্ষস্হান অর্জনকারী দেশ হিসেবে আবির্ভূত হওয়ার পথে বিশেষ কোনো বাধা নেই বলে উপদেষ্টা ব্যক্ত করেন। উপদেষ্টা আরো বলেন, সাম্পান বা জাহাজ নির্মাণে আমাদের যে ঐতিহ্য রয়েছে তা পুনরুদ্ধারের জন্য আমরা আন্তরিকতার সঙ্গে কাজ করছি। এছাড়া মেরিনারদের জন্য দূতাবাসগুলোতে পদ সৃষ্টির উদ্যোগ গ্রহণ করা হবে বলে তিনি জানান। তিনি

উল্লেখ করেন, আইএমও কর্তৃক সি ক্যাটেগরির দেশ হিসেবে স্বীকৃতি অর্জন বাংলাদেশের জন্য মেরিন সেক্টরে সামনে এগিয়ে যাওয়ার প্রথম পদক্ষেপ। আগামী ২০২৫ সালে বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন (আইএমও)-এর নির্বাচনে প্রতিযোগিতা করবে।

এ সময় উপদেষ্টা বাংলাদেশ নৌবাহিনীর পেশাদারিত্বের প্রশাংসা করেন। তিনি ওয়ার্ল্ড মেরিটাইম দিবস উপলক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান। নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর মোহাম্মদ মাকসুদ আলমের সভাপতিত্বে নৌপরিবহন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব সঞ্জয় কুমার বণিক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।