ভারত-নেপাল কোয়ার্টার ফাইনালে

ক্রীড়া ডেস্ক: নেপাল অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে চমক দেখিয়েই চলেছে। নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে হারানো দলটি দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডকেও হারিয়ে দিয়েছে। শনিবার ফতুল্লায় ডি গ্রুপের ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে ৮ উইকেটের জয় নেপালকে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালেও পৌঁছে দিয়েছে।

একই গ্রুপে নিউজিল্যান্ডকে হারিয়ে শেষ আটে উঠে গেছে ভারতও। মিরপুরে ১২০ রানের বড় জয় পায় ভারতীয়রা। ভারত ও নেপালের জয়ে নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ডের শেষ আটে খেলার স্বপ্ন শেষ হয়ে গেছে। নিজেদের প্রথম দুই ম্যাচেই হেরেছে তারা।

ফতুল্লায় নেপালের জয়ের নায়ক লেগ স্পিনার সন্দিপ লামিচানে। এবারের আসরে প্রথম বোলার হিসেবে হ্যাটট্রিক করেছেন তিনি। হ্যাটট্রিকসহ নিয়েছেন পাঁচ উইকেট। তার দারুণ বোলিংয়ে আয়ারল্যান্ডকে মাত্র ১৩১ রানে বেঁধে ফেলে নেপাল।

১৩২ রান তাড়া করতে নেমে প্রথম বলেই অবশ্য ওপেনার সন্দিপ সুনারের উইকেট হারিয়েছিল নেপাল। তবে আরেক ওপেনার সুনীল ধামালা আর তিন ও চারে নামা ইয়োগেন্দারা সিং কার্কি ও আরিফ শেখের ব্যাটে চড়ে ১৪৭ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় তারা।

দ্বিতীয় উইকেটে কার্কির সঙ্গে ৫৫ রানের জুটি গড়ে ফেরেন ধামালা (২৮)। এরপর শেখের সঙ্গে তৃতীয় উইকেটে ৭৭ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন কার্কি। ৮১ বলে ৮টি চারে অপরাজিত ৬১ রানের দারুণ এক ইনিংস খেলেন কার্কি। শেখ অপরাজিত ছিলেন ৩১ রানে।

মিরপুরে নিউজিল্যান্ডও ভারতের সামনে দাঁড়াতেই পারেনি। ২৫৯ রান তাড়া করতে নেমে ১৩৮ রানেই গুটিয়ে যায় কিউইদের ইনিংস। ভারতীয় স্পিনার মহীপাল লোমরোর ৫টি ও মিডিয়াম পেসার আভেস খান ৪টি উইকেট নিয়ে কিউইদের ইনিংস গুঁড়িয়ে দিয়েছেন।

এর আগে সরফরকাজ খানের ৭৪, রিশাব পান্টের ৫৭, আরমান জাফরের ৪৬ ও লোমরোরের ৪৫ রানের সুবাদে ৮ উইকেটে ২৫৮ রান তুলেছিল ভারত।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।