স্পোর্টস ডেস্কঃ অনেকটা নীরবেই ত্রিশে পা রাখলেন গতকাল। কেবল দেশেই নয় বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা ভক্তরা সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন সাকিব আল হাসানকে। বিশ্বসেরা এই অলরাউন্ডারের জন্মদিনে বিশেষ আয়োজন করেছে ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফোও। সেখানে দেখানো হয়েছে বিশ্বসেরা হওয়ার পর এবার সর্বসেরার আসনে বসলেন বিশ্ব ক্রিকেটের মুকুটবিহীন সম্রাট সাকিব আল হাসান।
সাকিবকে নিয়ে প্রায় এক মিনিটের একটি ভিডিও চিত্র নিজেদের ওয়েবসাইটে প্রচার করেছে ক্রিকইনফো। ভিডিও চিত্রটিতে দেখানো হয়েছে, বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে ত্রিকেটের তিন ফরম্যাটে শীর্ষ অলরাউন্ডারের আসনে বসা একমাত্র ক্রিকেটার হলেন সাকিব আল হাসান। তিনি তিন তিনবার এই খেতাব পেয়েছেন।
এ নিয়ে ক্যারিয়ারের ৩৮ সপ্তাহ সব ফরম্যাটের এক নম্বর অলরাউন্ডার হিসেবে কাটালেন সাকিব আল হাসান। ৩২৪ সপ্তাহ ওয়ানডের শীর্ষ অলরাউন্ডারের আসনটি দখল করে আছেন সাকিব। দিন ও সপ্তাহের হিসাবে সাকিবের আশপাশে নেই কেউই।
এর আগে ক্রিকেটের কিংবদন্তি অলরাউন্ডার জ্যাক ক্যালিস ২০৩ সপ্তাহ, দক্ষিণ আফ্রিকার সর্বকালের সেরা আরেক অলরাউন্ডার শন পোলক ছিলেন ১৩৮ সপ্তাহ আর কিংবদন্তি ইংলিশ অলরাউন্ডার অ্যান্ড্র ফ্লিনটফ ১১৩ সপ্তাহ ধরে ওয়ানডের সেরা অলরাউন্ডার ছিলেন। আর ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণ টি-টোয়েন্টিতে ১০৫ সপ্তাহ ধরে এক নম্বর অলরাউন্ডার হিসেবে সময় কাটিয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
কেবল ক্রিকেটেই নয়, বিশ্বের অন্য খেলাগুলোর শীর্ষ তারকাদেরও ছাড়িয়ে গেছেন সাকিব। টেনিসে সবচেয়ে বেশি ৩১৬ সপ্তাহ এক নম্বর তারকার আসনটি দখলে রেখেছেন মার্কিন কিংবদন্তি সেরেনা উইলিয়ামস। অপর বিশ্বসেরা রজার ফেদেরার টানা ২৩৭ সপ্তাহ ছিলেন র্যাংকিংয়ের এক নম্বর জায়গাটিতে। সেখানে সাকিব ওয়ানডেতে ৩২৪ সপ্তাহ ধরে নম্বর ওয়ান জায়গাটি ধরে রেখেছেন।
এ ছাড়া টেস্টে সর্বমোট ১৬৪ সপ্তাহ এক নম্বর অলরাউন্ডারের আসনে ছিলেন সাকিব। সাদা পোশাকে সবচেয়ে বেশি ১০৫ সপ্তাহ এক নম্বর অলরাউন্ডার ছিলেন ভারতের রবিচন্দ্রন অশ্বিন। ক্রিকেটের সবচেয়ে ক্ষমতাধর অলরাউন্ডার ওয়াসিম আকরাম টেস্টে ১৫ সপ্তাহ ধরে সেরা অলরাউন্ডার ছিলেন। টেস্টের এই জায়গাতে সাকিবের ওপরে রয়েছেন ইমরান খান (১৯৭), ইয়াম বোথাম (২৩৭) ও রিচার্ড হ্যাডলি (৩০৮) সপ্তাহ।
সাকিব আল হাসান যেভাবে এগিয়ে চলছেন তাতে টেস্টেও সবাইকে ছাড়িয়ে যাবেন এ কথা প্রায় নির্দ্বিধায় বলা যায়।



