রাজধানীর শান্তি-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ২৪ ঘণ্টার অভিযানে ৬২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) পরিচালিত এই সাঁড়াশি অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, মাদকদ্রব্য ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়। এ ঘটনায় ডিএমপির বিভিন্ন থানায় ৫০টি মামলা দায়ের করা হয়েছে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন জানান, নগরীর নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপির বিভিন্ন বিভাগ রাজধানীর একাধিক থানায় একযোগে এই বিশেষ অভিযান পরিচালনা করে।
ডিএমপি সূত্রে জানা গেছে, অভিযানে সর্বোচ্চ ২০৩ জনকে গ্রেপ্তার করেছে মিরপুর বিভাগ। এছাড়া তেজগাঁও বিভাগে ৯৫ জন, মতিঝিল বিভাগে ৬৮ জন, ওয়ারী বিভাগে ৬৫ জন, গুলশান বিভাগে ৫৫ জন, উত্তরা বিভাগে ৪৯ জন, লালবাগ বিভাগে ৪২ জন, রমনা বিভাগে ৪০ জন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) ১২ জনকে গ্রেপ্তার করে।
অভিযানকালে পুলিশ ১টি বিদেশি পিস্তল, ১টি শর্টগান, ১টি এয়ারগান, ১ রাউন্ড গুলি, ১টি ম্যাগাজিন, ১টি গুলির খোসা ও ৩২টি রেডবল কার্তুজ উদ্ধার করে। পাশাপাশি উদ্ধার করা হয় ৭ কেজি ৯৬৫ গ্রাম গাঁজা, ২১১ পিস ইয়াবা ও ১০৬ গ্রাম হেরোইন।
এছাড়া আসামিদের হেফাজত থেকে ৫৫টি মোবাইল ফোন, ১টি সিএনজি, ৩টি মোটরসাইকেল, ৪টি চাকু, ১টি চাপাতি, অ্যালকোহল ও নগদ ১৮ হাজার ২২০ টাকাসহ অপরাধে ব্যবহৃত নানা সরঞ্জাম জব্দ করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।



