ভবিষ্যতে শিক্ষার্থীরাই বাংলাদেশের নেতৃত্ব দেবে: রাষ্ট্রপতি

ভবিষ্যতে শিক্ষার্থীরাই বাংলাদেশের নেতৃত্ব দেবে: রাষ্ট্রপতি
ভবিষ্যতে শিক্ষার্থীরাই বাংলাদেশের নেতৃত্ব দেবে: রাষ্ট্রপতি

আজকের তরুণ ও শিক্ষার্থীরাই আগামী দিনে বাংলাদেশের নেতৃত্ব দেবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নতুন প্রজন্মের মধ্যেই তিনি নতুন বাংলাদেশ ও নতুন স্বপ্নের সম্ভাবনা দেখতে পান।

বঙ্গভবন পরিদর্শনে আসা মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এসব কথা বলেন। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম এ তথ্য জানান।

সম্প্রতি প্রণীত ‘শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের বঙ্গভবন ভ্রমণ সংক্রান্ত নীতিমালা-২০২৬’-এর আওতায় প্রথমবারের মতো মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা বঙ্গভবন ঘুরে দেখার সুযোগ পান।

কলেজের অধ্যক্ষ অধ্যাপক লাল মোহাম্মদের নেতৃত্বে সপ্তম থেকে নবম শ্রেণির নির্বাচিত মেধাবী শিক্ষার্থী ও শিক্ষকরা এ পরিদর্শনে অংশ নেন।

পরিদর্শনের সময় শিক্ষার্থীরা বঙ্গভবনের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন। পরে দরবার হলে রাষ্ট্রপতি তাদের উদ্দেশে বক্তব্য দেন। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে তিনি ফটোসেশনে অংশ নেওয়ার পাশাপাশি তাদের সঙ্গে কুশল বিনিময় ও অনানুষ্ঠানিক কথাবার্তা বলেন।

শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, জীবনে সফল হতে হলে বাবা-মা, শিক্ষক ও বয়োজ্যেষ্ঠদের প্রতি সবসময় সম্মান দেখাতে হবে। একই সঙ্গে সন্তানদের ভবিষ্যৎ গড়ে তুলতে বাবা-মায়ের ত্যাগের কথাও মনে রাখতে হবে।

তিনি বলেন, নিজেদের সুশিক্ষিত ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে পারলে বাবা-মায়ের স্বপ্ন পূরণের পাশাপাশি দেশের মানুষের প্রত্যাশাও পূরণ করা সম্ভব হবে।

বঙ্গভবনকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতীক হিসেবে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, এটি শুধু একটি ভবন নয়; এর সঙ্গে দেশের ইতিহাস ও রাষ্ট্রীয় ঐতিহ্য জড়িয়ে আছে।

তিনি জানান, ভবিষ্যতে ধাপে ধাপে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বঙ্গভবন পরিদর্শনের সুযোগ দেওয়া হবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বঙ্গভবন, রাষ্ট্রের কাঠামো এবং ভবিষ্যৎ নেতৃত্ব সম্পর্কে আগ্রহ তৈরি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বর্তমান প্রযুক্তিনির্ভর বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষতা অর্জনের আহ্বান জানান রাষ্ট্রপতি। পাশাপাশি নতুন নতুন উদ্ভাবনের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার জন্য তিনি শিক্ষার্থীদের উৎসাহিত করেন।

এ সময় রাষ্ট্রপতির সচিব, প্রেস সচিবসহ বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।