কেনিংটন ওভালে দক্ষিণ আফ্রিকা ইনিংসে ২০তম ওভারের চতুর্থ বলে প্রোটিয়া ওপেনার মার্করামকে বোল্ড করার সঙ্গে সঙ্গে অনন্য নজির গড়েন শাকিব আল হাসান৷ একদিনের ক্রিকেটে ৫ হাজার রান ও ২৫০ উইকেট নেওয়া দ্রুততম ক্রিকেটারে পরিণত হন বাংলাদেশী অল-রাউন্ডার৷
প্রোটিয়াদের বিরুদ্ধে ব্যাট হাতে ৭৫ রানের ঝকঝকে ইনিংস খেলার সুবাদে শাকিবের ওয়ান ডে কেরিয়ারের সম্মিলিত রান দাঁড়ায় ৫৭৯২৷ অর্থাৎ ওয়ান ডে ক্রিকেটে ৫ হাজার রানের মাইলস্টোন আগেই টপকেছিলেন তিনি৷ এই ম্যাচে মার্করামের উইকেটটি শাকিবের ওকদিনের কেরিয়ারের ২৫০তম শিকার৷
ওয়ান ডে ক্রিকেটে ৫ হাজার রান ও ২৫০ উইকেটের দ্বি-মুকুট মাথায় পরতে শাকিব খরচ করেন মাত্র ১৯৯টি ম্যাচ৷ এই নিরিখে তিনি টপকে যান পাক অল-রাউন্ডার আব্দুল রাজ্জাককে৷ ডুয়েল ক্লাবের এই তালিকায় রাজ্জাকই এতদিন ছিলেন দ্রুততম৷ তিনি ব্যাট হাতে ৫ হাজার রান ও বল হাতে ২৫০ উইকেট সংগ্রহ করতে খরচ করেছিলেন ২৫৮টি ম্যাচ৷ রবিবার ওভালে রাজ্জাককে পিছনে ফেলে রেকর্ড নিজের দখলে নেন শাকিব৷ অর্থাৎ ওয়ান একদিনের ক্রিকেটে ব্যাটে-বলে এমন নজির গড়া দ্রুততম ক্রিকেটারে পরিণত হলেন শাকিব৷শাকিব ও রাজ্জাক ছাড়া এমন ডুয়েলের জন্য শাহিদ আফ্রিদিকে ২৭৩টি, জ্যাক কালিসকে ২৯৬টি এবং সনৎ জয়সূর্যকে ৩০৪টি একদিনের ম্যাচ খেলতে হয়েছিল৷গত বছর টেস্টে ৩ হাজার রান ও ২০০ উইকেট নেওয়া দ্রুততম ক্রিকেটারের মুকুট মাথায় পরেছিলেন শাকিব৷
তিনি ভেঙেছিলেন কিংবদন্তি ইয়ান বোথামের রেকর্ড৷ এছাড়া ঘরোয়া ও আন্তর্জাতিক মিলিয়ে টি-২০ ক্রিকেটে ৪ হাজার রান ও ৩০০ উইকেট নেওয়া দ্রুততম ক্রিকেটারের রেকর্ডও রয়েছে শাকিবের নামে৷ তিন ফর্ম্যাট মিলিয়ে ১০ হাজার রান ও ৫০০ উইকেট নেওয়ার দ্রুততম ক্রিকেটারের নামও শাকিব আল হাসান৷