দক্ষিণ আফ্রিকাকে বিধ্বস্ত করে বিশ্বকাপ শুরু টাইগারদের

স্বপ্নের শুরু বললে মোটেও ভুল বলা হবে না৷ দক্ষিণ আফ্রিকার মতো শক্ত প্রতিপক্ষকে পরাস্ত করে বিশ্বকাপ অভিযান শুরু বাস্তবিকই স্বপ্নের মতোই মনে হতে পারে বাংলাদেশের কাছে৷

অন্যদিকে, উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের কাছে হারের পর এবার বাংলাদেশর মতো খাতায়-কলমে দূর্বল দলের কাছে পরাজিত হল দক্ষিণ আফ্রিকা৷ স্বাভাবিকভাবেই প্রোটিয়াদের সেমিফাইনালের স্বপ্ন শুরুতেই বড়সড় ধাক্কা খেল৷

শাকিব আল হাসান ও মুশফিকুর রহিমর রেকর্ড পার্টনারশিপে ভর করে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার সামনে জয়ের জন্য ৩৩১ রানের বিশাল লক্ষ্য ঝুলিয়ে দেয়৷ টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে টাইগাররা নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৩০ রান তোলে৷ শাকিব ও মুশফিক ছাড়াও ব্যাট হাতে নজর কাড়েন মাহমুদুল্লাহ, সৌম্য সরকাররাও৷

জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা ৫০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ৩০৯ রানের বেশি তুলতে পারেনি৷ ডু’প্লেসি, মার্করাম, মিলার, দাসেন, ডুমিনিরা সম্মিলিত প্রয়াস চালিয়েও জয় এনে দিতে পারেননি দলকে৷ দক্ষিণ আফ্রিকা শেষমেশ ম্যাচ হারে ২১ রানের ব্যবধানে৷

বাংলাদেশের হয়ে শাকিব ৭৫ ও মুশফিকুর ৭৮ রানের অনবদ্য ইনিংস খেলেন৷ তৃতীয় উইকেটের জুটিতে দু’জনে ১৪২ রান যোগ করেন৷ এছাড়া মাহমুদুল্লাহ ৪৬, সৌম্য ৪২, মোসাদ্দেক হোসেন ২৬, মহম্মদ মিঠুন ২১ ও তামিম ইকবাল ১৬ রান করেন৷ প্রোটিয়াদের হয়ে ২টি করে উইকেট নেন ফেলুকাওয়ো, মরিস ও ইমরান তাহির৷

পালটা ব্যাট করতে নামা দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ৬২ রান করেন দলনায়ক ডু’প্লেসি৷ ডি’কক ২৩, মার্করাম ৪৫, মিলার ৩৮, দাসেন ৪১ ও ডুমিনি অপরাজিত ৩৪ রান করেন৷ মুস্তাফিজুর রহমান ও মহম্মদ সঈফুদ্দিন ২টি করে উইকেট নেন৷ ১টি করে উিকেট দখল করেন মেহেদি হাসান মিরাজ ও শাকিব৷ ম্যাচের সেরার পুরস্কার উঠেছে শাকিবের হাতে৷

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।