সাভারের আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানার ভেতরে গ্যাস সিলিন্ডারবাহী লরিতে বিস্ফোরণের পর আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ১৪ জন আহত হয়েছেন। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে।
রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে আশুলিয়ার জামগড়া এলাকার প্রীতি গ্রুপের পোশাক কারখানার বাউন্ডারির ভেতরে বিকট শব্দে বিস্ফোরণের পর লরিটিতে আগুন ধরে যায়।
খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুটি এবং জিরাবো ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। রাত সাড়ে ৮টা পর্যন্ত ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন।
জিরাবো ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার হাফিজুর রহমান জানান, ডিইপিজেড ও জিরাবো ফায়ার সার্ভিসের মোট চারটি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে রাত সাড়ে ৮টা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।
এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় আহত ১৪ জন আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালে চিকিৎসা নিতে যান বলে জানিয়েছেন হাসপাতালটির ব্যবস্থাপক হারুন অর রশীদ। তাদের মধ্যে চার থেকে পাঁচজন দগ্ধ হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। অন্য আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি। আগুন লাগার কারণও তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।





