বিদ্যুৎখাতে অটোমেশন দ্রুত করতে হবে-বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বিদ্যুৎখাতে অটোমেশন দ্রুত করতে হবে-বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, গ্রাহকসেবা নির্বিঘ্ন করতে বিদ্যুৎখাতে অটোমেশন দ্রুত করতে হবে। স্মার্টমিটার গ্রাহকদের বিদ্যুৎব্যবহারে সচেতন ও সাশ্রয়ী করবে। সহজে ব্যবহারযোগ্য প্রযুক্তির প্রচলন ও সংযোজন করা উচিত।

প্রতিমন্ত্রী আজ বাংলাদেশ পাওয়ার ইকুইপমেন্ট ম্যানুফেকচারিং কোম্পানি লিঃ (বিপিইএমসি)-এর স্মার্ট প্রিপেইড মিটার উৎপাদনকার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে অনলাইনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রস্তুতকৃত মিটারের গুণগতমান ঠিক রেখে প্রতিযোগিতামূলক মূল্যনির্ধারণ করতে হবে। মিটার প্রস্তুত করার সাথে সাথে অন্যান্য ইলেকট্রিক বা ইলেকট্রনিক্স গেজেট ও যন্ত্রাদি প্রস্তুতের প্রতিও দৃষ্টি দেয়া প্রয়োজন। তিনি আরো বলেন, গ্রাহকরা যেন চাহিদামতো বিক্রয়োত্তরসেবা পায়, সেদিকে খেয়াল রাখতে হবে।

উল্লেখ্য, বাংলাদেশে প্রায় ৪ কোটি গ্রাহক। ২০২১ সালের মধ্যে ৬৬ লাখ ৫৬ হাজার ৩০টি প্রিপেইড/স্মার্ট মিটার স্থাপনের লক্ষ্যমাত্রা রয়েছে। নভেম্বর ২০২০ পর্যন্ত ৩৭ লাখ মিটার স্থাপন করা হয়েছে। বাংলাদেশ পাওয়ার ইকুইপমেন্ট ম্যানুফেকচারিং কোম্পানি লিঃ (বিপিইএমসি), রুরাল পাওয়ার কোম্পানি লিঃ এই দুটি প্রতিষ্ঠানের মাধ্যমে গঠিত সরকার নিয়ন্ত্রিত জয়েন্ট ভেঞ্চার কোম্পানি। প্রতিষ্ঠানটি প্রিপেইড মিটার এ্যাসেম্বলিং প্লান্ট স্থাপনের মাধ্যমে মিটার প্রস্তুত করবে।

বিপিইএমসি-এর পরিচালনা বোর্ডের চেয়ারম্যান মে. জে. মঈন উদ্দিন (অব.) এর সভাপতিত্বে  বিদ্যুৎসচিব মোঃ হাবিবুর রহমান, পিডিবির চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন, আরপিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোঃ আব্দুস সবুর এবং Schenzen Star-এর মহা-ব্যবস্থাপক ফেলিক্স লাও ভার্চুয়াল অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।