ফুলবাড়ীতে বিলুপ্তপ্রায় নলখাগড়া উদ্ভিদ; নলতল শব্দটি জীবন্ত

কুড়িগ্রাম প্রতিনিধি:  “নলখাগড়া” ফ্রাগমিটিস (Phragmites) গণের অন্তর্গত এক প্রজাতির বহু বর্ষজীবী দীর্ঘ তৃণ। আদ্র ক্রান্তীয় অঞ্চলের জলাভূমি ও জলাশয়ের আশেপাশে এদের দেখা যায়। বর্ষাকালে নলখাগড়ার সুন্দর ফুল জলাশয়কে সৌন্দর্যময় করে তোলে। এরা অর্ধ নিমজ্জিত প্রকৃতির উদ্ভিদ। সাধারণত জলাশয়ের কিনারায় অল্প পানিতে জন্মায়। এগুলো দেখতে অনেকটা বাঁশ বা আখ গাছের মতো এবং কোনো ডালপালা থাকেনা। পাতা লম্বা হলেও দেখতে অনেকটা বাঁশ পাতার মতই।

আগেকার দিনে প্রায় জলাশয়ের আশেপাশে নলখাগড়ার উদ্ভিদের ঝোপ ছিলো। এসবে বাবুই পাখি, জল মোরগসহ বিভিন্ন পাখি আবাসস্থল তৈরি করত। বিরূপ আবহাওয়া ও প্রতিকূলতার কারনে পরিবেশ থেকে ক্রমশ উঠে যাচ্ছে এইসব উদ্ভিদ। ফলে প্রভাব পড়েছে নানান পাখ-পাখালির উপর। কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা ঘুরে বালারহাট থেকে গোরকমন্ডল যেতে বারোমাসিয়া নদীর পূর্বপারে রাস্তার দুই ধারে নলখাখড়া উদ্ভিদের সমারোহ লক্ষ করা গেছে। যা রাস্তাটিকে প্রাণবন্ত করে তুলেছে।

আদিযুগে বিভিন্ন উদ্ভিদ ও পাতার রস থেকে কালি ও নলখাগড়ার কলম তৈরি করে লেখার প্রচলন ছিলো। এদের কান্ড ও পাতা একসময় গ্রামের ঘর নির্মাণে ব্যবহৃত হত। এছাড়াও গো-খাদ্য হিসেবে, সুন্দর বাঁশি, ঝুড়ি, মাদুর ইত্যাদি তৈরিতে নলখাগড়ার ব্যবহার হয়।

আমরা গ্রামের লোকজন সম্ভাবনাময় কোনো জিনিসকে বোঝাতে প্রায়শই ‘নল-তল’ শব্দটি ব্যবহার করে থাকি। হতে পারে কিংবা নাও হতে পারে কোনো প্রশ্নের এরকম উত্তরে ‘নল-তল’ এর প্রয়োগ লক্ষ করা যায়। কিন্তু ‘নল-তল’ কি? কোথা থেকে এল? কেনই বা বলি? তা অনেকেরই অজানা! ‘নল-তল’ শব্দটি মুলত ‘নলখাগড়া’ উদ্ভিদ হতেই এসেছে বলে লোকমুখে শোনা যায়। নলতল বলার কারন বয়োজ্যেষ্ঠদের কাছ থেকে জানতে গেলে বেড়িয়ে আসে এক মজার গল্প।

যারা নদীতে নৌকা চালায় বা নদী এলাকার মানুষ, নদী বিষয়ে তাদের অনেক বাস্তব অভিজ্ঞতা থাকে। একারনেই নৌকাযোগে নদী পারাপারের সময় কোনো এক ভদ্রলোক মাঝির কাছে প্রশ্ন রেখেছিল বন্যা হবে কি না? ভদ্রলোকের এমন কঠিন প্রশ্নের উত্তর দিতে মাঝি হিমশিম খাচ্ছিল। তখন উপস্থিত বুদ্ধিতে প্রতিউত্তর করেছিল ‘নল-তল’। উত্তর শুনে ভদ্রলোক আশ্চর্য হয়ে আবার জানতে চায় এটা আবার কি! তখন মাঝি পাড়ের নলখাগড়া উদ্ভিদ দেখিয়ে দিয়ে বলে ওই নলখাগড়া তল হলে বন্যা হবে, তল না হলে বন্যা হবে না! কিন্তু নলখাগড়া তো পানিতে অর্ধ নিমজ্জিত থাকে! অতএব বন্যা হবে কি না তা ঠিক বলা যাচ্ছে না। হতেও পারে আবার নাও হতে পারে এজন্য একসাথে বলা ‘নল-তল।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।