প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন ঢাকায় সফররত ভুটানের রানি মাতা ও ইউথ ডেভেলপমেন্ট ফান্ডের শেরিং পেম ওয়াংচুক।
সাক্ষাতকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভুটানের রানি মাতা দুই দেশের মধ্যে সহযোগিতা আরো বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশ ও ভুটানের মধ্যকার সহযোগিতা আরো বৃদ্ধি করা দরকার। বাংলাদেশ-ভুটান-ইন্ডিয়া-নেপাল (বিবিআইএন) উদ্যোগ দুই দেশের মধ্যেকার ব্যবসা-বাণিজ্য বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির সুযোগ বাড়িয়ে দিয়েছে।
বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের জনগণের মধ্যে সম্পৃক্ততা বৃদ্ধিতে সন্তোষ প্রকাশ করেন শেখ হাসিনা।
১৯৭১ এর মুক্তিযুদ্ধের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে প্রথম স্বীকৃতি দিয়ে ভুটান বাংলাদেশের মানুষের হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছে।
সাক্ষাতকালে ভুটানের রানি মাতা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আর্ত-সামাজিক ক্ষেত্রে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন দেখে আমি অভিভূত।
বাংলাদেশ-ভুটানের মধ্যকার শক্তিশালী দ্বিপাক্ষিক সর্ম্পকের কথা উল্লেখ করে শেরিং পেম ওয়াংচুক আশা প্রকাশ করেন আগামী দিনগুলোতে এ সর্ম্পক আরো বৃদ্ধি পাবে।
বিগত সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভুটান সফরের কথা স্মরণ করেন ভুটানের রানি মাতা।
১৯৭৪ সালে ভুটানের চতুর্থ রাজা ও রানি মাতার স্বামী জিগমে সিংয়ে ওয়াংচুকের বাংলাদেশ সফরের সময়কার ছবির একটা অ্যালবাম উপহার দেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, ভুটানের রাজপরিবারে প্রিন্স জন্ম নেয়ায় আমি খুশি। রাজা ও রানি আমাকে তাদের সন্তানের দাদী বলায় আমি খুশি।
পরে ভুটানের রানি মাতা প্রধানমন্ত্রীর দেওয়া নৈশভোজে অংশ নেন।
সাক্ষাতকালে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন- পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম, ভুটানে নিযুক্ত বাংলাদেশর রাষ্ট্রদূত ও বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত প্রমুখ।


