পুলিশের সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার ও তার ভাই স্ত্রীসহ দেশত্যাগে নিষেধাজ্ঞা

পুলিশের সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার ও তার ভাই স্ত্রীসহ দেশত্যাগে নিষেধাজ্ঞা

ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অবৈধভাবে অর্জিত আয়ের উৎস আড়াল করার জন্য পুলিশের সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার, তার স্ত্রী হোসনেয়ারা বেগম, ভাই প্রণব কুমার সরকার ও ভাইয়ের স্ত্রী শাহানারা বেগমের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। বিপ্লব ও তার সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ৩৪১টি হিসাবে মোট ৩০ কোটি ৭২ লাখ টাকা জমার তথ্য পেয়েছে দুদক।

আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মুহাম্মদ কামরুল হাসান খান দুদকের আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দিয়েছেন।

দুদকের পক্ষে সংস্থার সহকারী পরিচালক রাসেল রনি তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, বিপ্লব কুমার সরকার ও অন্যান্যদের বিরুদ্ধে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অবৈধভাবে অর্জিত আয়ের উৎস আড়াল করার জন্য তার নিজ নামে ও তার স্বার্থ সংশ্লিষ্টদের নামে থাকা ২১টি ব্যাংকের ৩২৫টি, দুটি আর্থিক প্রতিষ্ঠানের তিনটি এবং সাতটি ব্রোকারেজ হাউজের ১৩টিসহ মোট ৩৪১টি হিসাবের মাধ্যমে মোট ৩০ কোটি ৭২ লাখ টাকা জমার তথ্য পেয়েছে দুদক। সেইসঙ্গে ৩০ কোটি ১৩ লাখ টাকা উত্তোলনসহ মানিলন্ডারিং প্রতিরোধ আইনে সম্পৃক্ত অপরাধ করা ও নামে-বেনামে সম্পত্তি ক্রয়সহ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ দুদক অনুসন্ধান করছে।

দুদক বলছে, বিপ্লব কুমার সরকার ও অভিযোগ সংশ্লিষ্টরা দেশ ত্যাগ করার চেষ্টা করছেন। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশযাত্রা ঠেকানো আবশ্যক।

২১তম বিসিএসে পুলিশ ক্যাডারে চাকরি নেওয়া বিপ্লব ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের জগন্নাথ হল শাখার সাধারণ সম্পাদক। পুলিশের চাকরিতে আওয়ামী লীগ সরকারের প্রায় পুরোটা সময় তিনি দাপুটে কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন।

২০১১ সালের ৬ জুলাই বিএনপির কর্মসূচি চলাকালে বিরোধী দলের চিফ হুইপ জয়নাল আবেদীন ফারুক সংসদ ভবনের সামনে পুলিশের পিটুনির শিকার হন। সেসময় তেজগাঁও বিভাগের উপ কমিশনার হারুন অর রশীদ এবং অতিরিক্ত উপ কমিশনার বিপ্লব কুমার সরকার ওই ঘটনার নেতৃত্ব দেন।

জয়নাল আবেদীন ফারুককে ধাওয়া করে জামা খুলে নেওয়ার একটি ভিডিও বিভিন্ন সংবাদ মাধ্যমে ছাপা হলে তা ভাইরাল হয়। এরপর থেকে বিপ্লব ও হারুনের প্রভাব পুলিশ বিভাগে ছড়িয়ে পড়ে।

আওয়ামী লীগ সরকারের পতনের আগ মুহূর্তে ২০২৪ সালের ৩১ জুলাই ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লবকে প্রশাসন এবং গোয়েন্দা (ডিবি) দক্ষিণের দায়িত্ব দেওয়া হয়েছিল। সে বছরের ৫ ‍অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে বিপ্লব কুমার সরকারকে সাময়িক বরখাস্ত করে অন্তর্বর্তী সরকার।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।