স্পোর্টস ডেস্কঃ নেলসনে স্বাগতিক নিউজিল্যান্ডকে ২৫১ রানে আটকে দিয়েছে বাংলাদেশ। হাই স্কোরিং ভেন্যু হিসেবে পরিচিত নেলসনে টাইগার বোলাদের নিয়ন্ত্রিত বোলিং হাত খুলে খেলতে দেয়নি কিউই ব্যাটসম্যানদের। যার ফলে সিরিজে ফেরার স্বপ্ন দেখছে বাংলাদেশ। ৫০ ওভার ব্যাটিং করে সবকটি উইকেট হারিয়ে ২৫১ রান করেছে স্বাগতিক দল।
বাংলাদেশের পক্ষে ৩৯ রানে ৩ উইকেট নিয়েছেন অধিনায়ক মাশরাফি বিন মোর্তজা। এছাড়া ৪৫ রানে ২টি করে উইকেট নেন তাসকিন ও সাকিব। অভিষিক্ত শুভাশীষ রায় ৪৫ রানে ১ উইকেট নিয়েছেন। উইকেট না পেলেও ভালো বল করেছেন অভিষিক্ত লেগ স্পিনার তানবীর।
ম্যাচের শুরু থেকেই দারুণ নিয়ন্ত্রিত বোলিং করেছে বাংলাদেশ। মোস্তাফিজের অভাব বুঝতেই দেননি মাশরাফি ও তাসকিন। প্রথম ওভারেই মার্টিন গাপটিলকে তুলেন নেন মাশরাফি। এরপর তাসকিন ও সাকিব একটি করে উইকেট নিয়ে ৪৭ রানে ৩ উইকেট হারায় কেন উইলিয়ামসনের দল। তবে নিয়মিত বিরতিতে উইকেট হারানো দলটিকে পথ দেখিয়েছেন মিডল অর্ডার ব্যাটসম্যান নেইল ব্রুম। চার নম্বরে ব্যাট করতে নেমে ব্রুম আজ তুলে নিয়েছেন ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরি। ১০৭ বলে ১০৯ রান করে অপরাজিত ছিলেন তিনি।
দীর্ঘদিন পর জাতীয় দলে খেলতে এসে দারুণ খেলছেন ব্রুম। সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলেছেন তিন বছর আগে। তাও টি-টোয়েন্টি। আর ওয়ানডে খেলেছেন ছয় বছর আগে, ২০১০ সালের মার্চে। অন্য ব্যাটসম্যানদের আসা যাওয়ার মধ্যে দৃঢ়তার সাথে খেলেছেন এক প্রান্তে। ৪৭ রানে তিন উইকেট পড়ে যাওয়ার পর চতুর্থ উইকেটে জেমস নিশামকে নিয়ে ৫১ রানের জুটি গড়ে প্রাথমিক বিপর্যয় সামাল দেন। এরপর ৬ষ্ঠ উইকেটে মনরোকে নিয়ে গড়েছেন ৬৪ রানের জুটি। মূলত তার কারণেই ম্যাচে সম্মানজনক স্কোর পেয়েছে নিউজিল্যান্ড।
সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে বাংলাদেশ।





