ঢাকার আকাশে মেঘ মিলছেই না

প্রতীক্ষা যেন শেষই হচ্ছে না! আকাশে মেঘ দেখা গেলেও রোদ এসে দূরে ঠেলে দিচ্ছে। মেঘের আড়ালে সূর্য হাসে, আবার সূর্যের আড়ালে মেঘ হাসে.. এমন দৃশ্যের মধ্য দিয়ে উত্তাপে ভাসছে নগরবাসী। তবে, সত্য হলো-মেঘের দেখা মিলছে না সহসা। মেঘ দেখছে না খোদ আবহাওয়া অধিদপ্তর!

এদিকে, ঢাকার বাইরে টাঙ্গাইলের দিকে মেঘের ছিটেফোটা থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার (১৮ এপ্রিল) সকাল পৌনে ৯টায় আবহাওয়া অফিস সূত্র  জানায়, ঢাকা শহর এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা খুব কম দেখছেন তারা।

আবহাওয়া মূলত শুষ্ক। তবে, বিপরীত চিত্র দেশের উত্তরপূর্বাঞ্চলীয় শহর সিলেটে। ঝুম বৃষ্টি চলছে সেখানে। এছাড়াও একটু আধটু বৃষ্টি হয়েছে ময়মনসিংহ রংপুর এলাকায়।

আর গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৩৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ব ২৮ ডিগ্রি সেলসিয়াস। সোমবারও এ তাপমাত্রা অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে আগারগাঁও আবহাওয়া সদর দপ্তর।

বৃষ্টির দেখা নেই সেই এপ্রিলের প্রথম থেকে। বাঙালির উৎসবের দিন পহেলা বৈশাখও বেশ উত্তাপে কেটেছে। প্রায় অর্ধমাস দাবদাহে অস্থির নগরজীবন চেয়ে আছে এক চিলতে বৃষ্টির দিকে। কিন্তু আকাশে মেঘ জমতে দেখা গেলেও স্বস্তির বৃষ্টি নামছে না ঢাকায়।

মেঘের শহর মেঘালয় পাড়ের সিলেট এখন বৃষ্টিস্নাত। সেখানে বৃষ্টিপাতের রেকর্ড হয়েছে ৬৭ মিলিমিটার।

সকালে এ প্রতিবেদন লেখার সময় একুওয়েদার ওয়েবসাইট দেখাচ্ছে, ঢাকার আকাশ অনেকটা মেঘলা। তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস। আর রাতে বজ্রঝড় ও বৃষ্টির সম্ভাবনা। আগামী কয়েকদিনের পূর্বাভাসেও স্বস্তির কোনো খবর দিতে পারেনি একুওয়েদার। তাদের তথ্যে দেখা যাচ্ছে, গরম আরও বাড়বে। নাকাল করা পরিস্থিতি থেকে আপাতত রেহাই মেলার আশা নেই বললেই চলে।

কিন্তু গত কয়েকদিন ধরেই মেঘ নামার সম্ভাবনা আশা দেখালেও দিনশেষে সেই আশা মরীচিকায় পরিণত হয়। রাতের শেষ দিকে তাপমাত্রা একটু কমলেও দিনের শুরু থেকে বাড়তে থাকে উত্তাপ। প্রতিদিনেই খরতাপে পুড়ে শুরু হয় রাজধানীর কর্মব্যস্ত জীবন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।