জলবায়ু পরিবর্তন রোধে সমন্বিত প্রদক্ষেপ গ্রহণে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি অর্থমন্ত্রীর আহ্বান

পৃথিবী এবং জীবন বাঁচাতে জলবায়ু পরিবর্তনরোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জোর আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

মন্ত্রী আজ নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ইকোসকের উন্নয়নের জন্য অর্থায়ন (এফএফডি) ফোরামে কান্ট্রি স্টেটমেন্ট প্রদানকালে এ আহ্বান জানান।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তনে বাংলাদেশের কোনো ভূমিকা না থাকলেও বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের স্বীকার যা দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে ব্যাপকভাবে বাধাগ্রস্থ করছে।

মন্ত্রী বলেন, এলডিসি থেকে উত্তরণকারী দেশগুলোর টেকসই উন্নয়ন নিশ্চিত করতে প্রাথমিক পর্যায়ে নীতিগত বিষয়গুলো পুনঃবিবেচনা করে সহযোগিতার পদক্ষেপসমূহ অবারিত রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে টেকসই উত্তরণ অর্জনের কথা উল্লেখ করে তিনি বলেন, এলডিসি থেকে উত্তরণ আমাদের জাতীয় আকাক্সক্ষার একটি। আমরা রূপকল্প ২০২১ ও রূপকল্প ২০৪১ গ্রহণ করেছি যা টেকসই উন্নয়ন লক্ষ্যসমূহ অন্তর্ভুক্ত করা হয়েছে। মিয়ানমার থেকে বাস্তুচ্যূত রোহিঙ্গা জনগোষ্ঠী বাংলাদেশের উন্নয়ন পদক্ষেপে নেতিবাচক প্রভাব সৃষ্টি করছে উল্লেখ করে অর্থমন্ত্রী তাদের টেকসই প্রত্যাবাসন এবং এ সমস্যার স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে ফলপ্রসূ ভূমিকা রাখার আহ্বান জানান।

অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশে ২০১৪ সালে প্রবৃদ্ধি ছিল ৬ দশমিক ৫ ভাগ যা বেড়ে ২০১৮ সালে ৮ দশমিক ১৩ ভাগে উন্নীত হয়েছে। মাথাপিছু গড় জাতীয় আয় ২০০৬ থেকে ২০১৮ পর্যন্ত শতকরা ২৫০ ভাগ বৃদ্ধি পেয়েছে। সমন্বিত ও সমতাভিত্তিক উন্নয়ননীতি গ্রহণ করে আমরা দারিদ্র্যের হার ২০০৬ সালের শতকরা ৪০ ভাগ থেকে ২০১৮ সালে শতকরা ২১ দশমিক ৪ ভাগে নামিয়ে এনেছি।

তিনি বলেন, বাংলাদেশের ষোলো কোটি মানুষের অভিন্ন লক্ষ্য হল ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত-সমৃদ্ধ সোনার বাংলায় পরিণত করা, যে স্বপ্ন দেখেছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

জাতিসংঘ মহাসচিব, সাধারণ পরিষদের সভাপতি, সদস্য দেশসমূহ থেকে আগত মন্ত্রীসহ উচ্চ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, উন্নয়ন সংস্থা সমূহের প্রতিনিধিবর্গ, বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালক, জাতিসংঘ ও এর সহযোগী সংস্থাসমূহের কর্মকতাবৃন্দ, অন্যান্য আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিগণ, সংশ্লিষ্ট অংশীজন, সিভিল সোসাইটি ও ব্যবসায়ী সেক্টরের প্রতিনিধিবর্গসহ স্থানীয় প্রতিনিধিগণ এ সভায় অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, ইকোসকের এফএফডি ফোরামের ফলোআপ টেকসই উন্নয়ন লক্ষসমূহ বাস্তবায়নে একটি বৈশ্বিক আন্তঃসরকারি প্রক্রিয়া। ইকোসকের এই ৪র্থ উন্নয়নের জন্য অর্থায়ন ফোরাম আজ শুরু হয়েছে যা আগামী ১৮ এপ্রিল শেষ হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।