প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা আমজাদ হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন তথ্য মন্ত্রণালয়ের মন্ত্রী হাসানুল হক ইনু, প্রতিমন্ত্রী তারানা হালিম এবং সচিব আবদুল মালেক।
শুক্রবার দুপুরে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্ত্রী আর চার ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
তথ্য মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিব এই প্রতিভাবান চলচ্চিত্রকারের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
তথ্যমন্ত্রী তার শোকবার্তায় বলেন, আমজাদ হোসেনের মৃত্যুতে আমরা এক অসামান্য চলচ্চিত্র প্রতিভাকে হারালাম। তার প্রতিভা ও কর্মের কথা স্মরণীয় হয়ে থাকবে।
পরিচালক আমজাদ হোসেনের জনপ্রিয় ছবিগুলোর মধ্যে রয়েছে ‘বাল্যবন্ধু’, ‘পিতাপুত্র’, ‘এই নিয়ে পৃথিবী’, ‘বাংলার মুখ’, ‘নয়নমণি’, ‘গোলাপী এখন ট্রেনে’, ‘সুন্দরী’, ‘কসাই’, ‘জন্ম থেকে জ্বলছি’, ‘দুই পয়সার আলতা’, ‘সখিনার যুদ্ধ’, ‘ভাত দে’, ‘হীরামতি’, ‘প্রাণের মানুষ’, ‘সুন্দরী বধূ’, ‘কাল সকালে’, ‘গোলাপী এখন ঢাকায়’, ‘গোলাপী এখন বিলেতে’ ইত্যাদি।
১৯৭৮ সালে ‘গোলাপী এখন ট্রেনে’ এবং ১৯৮৪ সালে ‘ভাত দে’ চলচ্চিত্র নির্মাণের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি। এছাড়া তিনি একুশে পদক ও বাংলা একাডেমি পুরস্কারসহ ১৪ বার জাতীয় স্বীকৃতি পেয়েছেন।





