চট্টগ্রাম জেলার সোহেলের তদন্ত শুরু

চৈতী সেন, চট্টগ্রাম অফিসঃ বিপুল পরিমাণ টাকা ও মাদক নিয়ে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার সোহেল রানা বিশ্বাসের গ্রেপ্তারের ঘটনায় গঠিত তদন্ত কমিটি কাজ শুরু করেছে।

বরিশাল বিভাগের কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি, প্রিজন্স) ছগির মিয়া নেতৃত্বাধীন তিন সদস্যের কমিটির সদস্যরা সোমবার চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার পরিদর্শন করেন।

ছগির মিয়া বলেন, প্রথমদিন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে বন্দি কয়েদি ও হাজতিদের পাশাপাশি জেল ভিজিটরসহ বিভিন্নজনের সঙ্গে কথা বলেছেন তারা।

“আমাদের তদন্ত কাজ পরিচালনার জন্য ভৈরবসহ আরও কয়েকটি জায়গায় যেতে হবে এবং আরও অনেকের সাথে কথাও বলতে হবে। সেজন্য আদালতের অনুমতিরও প্রয়োজন আছে।”

গত ২৬ অক্টোবর ভৈরব রেল স্টেশনে চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার সোহেল রানা বিশ্বাসকে গ্রেপ্তার করে ভৈরব রেলওয়ে থানা পুলিশ।

এসময় তার কাছ থেকে ১২ বোতল ফেন্সিডিল, নগদ ৪৪ লাখ ৪৩ হাজার টাকা, চেক উদ্ধারের কথা জানিয়েছিলেন ভৈরব রেলওয়ে থানার ওসি আব্দুল মজিদ।

গ্রেপ্তারের পর থেকে চট্টগ্রাম কারাগারে সোহেল রানার বিভিন্ন দুর্নীতির কথা উঠে আসে। এছাড়াও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তিনি আগেও চাকরি থেকে বরখাস্ত হয়েছিলেন বলে কারা অদিদপ্তরসূত্রে জানা যায়।

সোহেল রানা গ্রেপ্তারের পর কারা অধিদপ্তরের পক্ষ থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে আগামী ১২ নভেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়।

ছগির মিয়া ছাড়া কমিটির অন্য দুইজন সদস্য হলেন- যশোর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার কামাল হোসেন ও খুলনা কারাগারের জেলার জান্নাতুল ফরহাদ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।