ঝিনাইদহ প্রতিনিধি ॥ ৭ জানুয়ারি’২০১৮: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বেলাট দৌলতপুর এলাকা থেকে মান্না (১৪) নামের এক হোটেল শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার দুপুরে ওই এলাকার একটি কালভাটের নীচ থেকে সমস্থ শরীরে কাঁদা-মাটি মাখা লাশটি উদ্ধার করা হয়। সে যশোর জেলার চৌগাছা উপজেলার জামিরা গ্রামের খোকন ড্রাইভারের ছেলে। নিহত মান্না উপজেলার বাদেডিহি গ্রামের বাবলুর বাড়িতে ভাড়া থাকতো।
কালীগঞ্জ থানার এসআই নিরব হোসেন জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ রবিবার দুপুরে উক্ত স্থান থেকে লাশটি উদ্ধার করে। তার গলায় গামছা পেচিয়ে কাঁদা-মাটিতে চেপে ধরে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহত মান্না বারবাজারের যুগল রায়ের হোটেলের কর্মচারী ছিল। ঘটনাস্থল থেকে পুলিশ একটি গজার (মিষ্টি) প্যাকেট ও একটি টর্চ লাইট উদ্ধার করেছে।
পুলিশ বেলাট দৌলতপুর গ্রামের মৃত নিমাই রায়ের ছেলে হোটেল মালিক যুগল রায় (৫৫) ও নিহত মান্নার বন্ধু বেলাট দৌলতপুর গ্রামের শুকুর আলীর ছেলে আল-আমিন (১৪) কে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে।
কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মিজানুর রহমান খান বলেন, হোটেল শ্রমিক মান্নাকে কাঁদা-মাটিতে চেপে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধার করে ঝিনাইদহ মর্গে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট পেলে হত্যার আসল কারণ জানা যাবে। পুলিশ জিজ্ঞাসাবাদের ২ জনকে থানায় নিয়ে এসেছে। হত্যার ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।





