মৌসুম শুরু হলেও জেলেদের জালে ধরা পড়ছে না ইলিশ। ফলে বাজারে ইলিশের দাম চড়া । এতে জাতীয় মাছের স্বাদ ভুলতে বসেছে নিম্ন আয়ের মানুষ।
বুধবার (৩ জুন) সকালে ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী আড়ত ঘুরে দেখা যায়, আড়তে ৬জন আড়তদারের মধ্যে ২জন আড়তদার শফিক বিশ্বাসের ২মন আর মোঃ আহাদ বিশ্বাসের প্রায় ১২ মণ ইলিশ এসেছে। অথচ এ সময়ে ৬জন আড়তদারের ঘরে প্রায় ১০০ মণ ইলিশ পাওয়ার কথা।
ফলে সরবরাহ কম থাকায় বেড়েছে ইলিশের দাম। বাজার ঘুরে দেখা যায়, এক কেজি সাইজে প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে আড়াই হাজার থেকে ৩ হাজার টাকায়।
এছাড়া ৭০০ থেকে ৯০০ গ্রাম ওজনের (এলসি) ইলিশ প্রতি কেজি দুই হাজার ৫০ থেকে দুই হাজার ৪০০, ৫০০ গ্রাম ওজনের ইলিশ এক হাজার ৮০০ এবং ৪০০ গ্রামের ইলিশের কেজি ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৬০০ টাকা। ব্যবসায়ীরা জানান, আড়ত এমন সময় ইলিশে ভরপুর থাকার কথা।
অথচ ভরা মৌসুমেও নদ-নদীতে ইলিশের দেখা নেই । ফলে সরবরাহ কম থাকায় দাম বেশি বলে জানান বিক্রেতারা। এদিকে ক্রেতারা বলেছেন- ইলিশের দাম আগের তুলনায় বেশী হওয়ায় অন্য মাছ নিয়ে বাড়ি ফিরতে হচ্ছে।
ক্রেতা বরকত বিশ্বাস বলেন, আড়তে এসেছিলাম একটু কম দামে কেনার আশায়। কিন্তু এখানে খুচরা বাজারের মতো চড়া দামে বিক্রি হচ্ছে। এরপরও ছোট ছোট ৭০০ থেকে ৮০০ গ্রাম ওজনের চারটা ইলিশ কিনেছি আড়াই হাজার
টাকায়।’
মৌসুম শুরু হলেও ইলিশের খরা প্রসঙ্গে মধুখালী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস বলেন, ‘জুন থেকে ইলিশের মৌসুম শুরু হলেও ভরা মৌসুম জুলাই থেকে শুরু হয়। বৃষ্টি হলেই সাগর থেকে নদীতে ইলিশ আসবে। কারণ এ বছর মার্চ-এপ্রিল এ দুই মাস ষষ্ঠ অভয়াশ্রমে কড়া নজর থাকায় জাটকা নিধন কমেছে। জাটকা রক্ষায় নদীতে ৩০ জুন পর্যন্ত এবং সাগরে ১১ জুন পর্যন্ত নিষেধাজ্ঞা চলমান রয়েছে। তবে ইলিশ ধরায় বাধা নেই।’
এদিকে ইলিশের পরিস্থিতি নিয়ে তিনি আরও বলেন ‘চলতি বছর অভয়াশ্রমের জাটকার প্রায় ৯০ শতাংশ সাগরে পৌঁছেছে। এর সুফল পাওয়া যেতে পারে মৌসুমের শেষ দিকে অর্থাৎ সেপ্টেম্বর- অক্টোবর নাগাদ।
যদিও ১১ জুন পর্যন্ত সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা চলছে। তবে সময়সীমা আরেকটু বাড়লে জাটকা বড় হবে এবং পুরোপুরি সুফল পাওয়া যাবে।



