প্রতিকূল পরিস্থিতিতেও ৭ মাসে বিদেশে গেছেন ৪ লাখ ৩৪ হাজার কর্মী – প্রবাসী কল্যাণ মন্ত্রী

প্রতিকূল পরিস্থিতিতেও ৭ মাসে বিদেশে গেছেন ৪ লাখ ৩৪ হাজার কর্মী – প্রবাসী কল্যাণ মন্ত্রী
প্রতিকূল পরিস্থিতিতেও ৭ মাসে বিদেশে গেছেন ৪ লাখ ৩৪ হাজার কর্মী - প্রবাসী কল্যাণ মন্ত্রী

যুদ্ধ পরিস্থিতিসহ নানা প্রতিকূলতার মধ্যেও গত সাত মাসে প্রায় ৪ লাখ ৩৪ হাজার বাংলাদেশি কর্মী বিদেশে কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

বৃহস্পতিবার (১ অক্টোবর) চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী কর্মীদের সুবিধার্থে লাগেজ পরিবহনের ট্রলি কার্যক্রমের উদ্বোধন এবং প্রবাসী কল্যাণ ডেস্ক পরিদর্শন শেষে তিনি এ তথ্য জানান।

বিমানবন্দর পরিদর্শনের সময় মন্ত্রী বিদেশগামী কর্মীদের সঙ্গে কথা বলেন। তাদের বিভিন্ন সুযোগ-সুবিধা, প্রয়োজন ও যাত্রাপথের ভোগান্তি সম্পর্কে সরাসরি খোঁজ নেন তিনি।

মন্ত্রী বলেন, বিদেশে কর্মসংস্থানের জন্য যাওয়ার আগে কর্মীদের দক্ষতা অর্জন করা জরুরি। দক্ষতা ছাড়া শুধু কর্মীর সংখ্যা বাড়িয়ে বিদেশে পাঠানো হলে তা দেশের জন্য প্রত্যাশিত সুফল বয়ে আনবে না।

প্রবাসী কর্মীদের স্বাস্থ্যসেবার বিষয়টি গুরুত্ব দিয়ে বিমানবন্দর কর্তৃপক্ষকে দ্রুত একটি জরুরি চিকিৎসাকেন্দ্র স্থাপনের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। এরই মধ্যে চিকিৎসাকেন্দ্রের জন্য উপযুক্ত স্থান নির্ধারণের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী।

বিদেশগামী কর্মীদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকার প্রস্তুত রয়েছে উল্লেখ করে তিনি বলেন, প্রবাসী কর্মীদের যাত্রা সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে সংশ্লিষ্ট সব পক্ষকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে।

বিমানবন্দরে ফ্লাইট বিলম্ব বা সময়সূচিতে পরিবর্তনের কারণে প্রবাসী যাত্রীদের ভোগান্তির বিষয়টিও তুলে ধরেন প্রবাসী কল্যাণ মন্ত্রী। তিনি বলেন, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর শহর থেকে কিছুটা দূরে হওয়ায় ফ্লাইট বিলম্ব হলে যাত্রীদের থাকা ও খাবারের সমস্যা তৈরি হয়।

এই সমস্যা মোকাবিলায় বিমানবন্দরের কাছাকাছি একটি রেস্ট হাউস নির্মাণের পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি। এর মাধ্যমে ফ্লাইট বিলম্বসহ বিভিন্ন পরিস্থিতিতে প্রবাসী যাত্রীরা সেখানে স্বাচ্ছন্দ্যে অবস্থান করতে পারবেন।

পরে সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আরিফুল হক চৌধুরী বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পর মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিসহ বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও সাত মাসে প্রায় ৪ লাখ ৩৪ হাজার কর্মী বিদেশে কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন। ভবিষ্যতে বাংলাদেশের শ্রমবাজারে আরও ইতিবাচক ফলাফল আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে প্রবাসীদের আইনি সহায়তা আরও জোরদারের বিষয়ে একটি প্রস্তাব দেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। মন্ত্রী বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রবাসীদের আইনি সুরক্ষা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়, চট্টগ্রাম জেলা প্রশাসন এবং বিমানবন্দর পরিচালনা কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।