ক্যাশলেস বাংলাদেশ ও ডিজিটাল অর্থনীতি গড়ে তুলতে বাংলা কিউআর কোডভিত্তিক লেনদেনে কোনো ফি বা চার্জ নেওয়া হবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর বনানী কাঁচাবাজারে বাংলা কিউআর কোডের মাধ্যমে পণ্য কেনাকাটার উদ্বোধন এবং এ পদ্ধতিতে লেনদেন কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, বাংলা কিউআর কোডের মাধ্যমে যেকোনো লেনদেন করা যাবে বিনা খরচে। এ ব্যবস্থায় গ্রাহক বা ব্যবসায়ীকে অতিরিক্ত কোনো ফি কিংবা চার্জ দিতে হবে না।
তিনি বলেন, ফুচকা বিক্রেতা, রিকশাচালক, ক্ষুদ্র ব্যবসায়ীসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে কিউআর কোডভিত্তিক ডিজিটাল আর্থিক সেবার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
এই ব্যবস্থার মাধ্যমে সাধারণ মানুষ থেকে শুরু করে ফুটপাতের বিক্রেতা ও ছোট ব্যবসায়ীরা বিভিন্ন ব্যাংক বা সেবা প্রদানকারীর অ্যাকাউন্টে সহজেই কিউআর কোড ব্যবহার করে অর্থ গ্রহণ করতে পারবেন। এতে নগদ টাকা বহনের প্রয়োজন কমবে এবং লেনদেন আরও সহজ ও দ্রুত হবে বলে জানান তিনি।
অর্থমন্ত্রী বলেন, প্রাথমিক পর্যায়ে কিউআরভিত্তিক লেনদেন ব্যবস্থায় কিছু কারিগরি সমস্যা বা সাময়িক চ্যালেঞ্জ দেখা দিতে পারে। তবে এসব সমস্যা দ্রুত সমাধান করা সম্ভব হবে।
বিশ্বের বিভিন্ন উন্নত ও দ্রুত বিকাশমান অর্থনীতিতে ক্যাশলেস লেনদেন ইতোমধ্যে কার্যকর ও নিরাপদ হিসেবে ব্যবহৃত হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকও আন্তর্জাতিক এ চর্চাকে দেশের মানুষের জন্য আরও বিস্তৃত করার লক্ষ্যে কাজ করছে।
দেশের নাগরিক, ব্যবসায়ী ও সেবা প্রদানকারীদের কোনো দ্বিধা ছাড়াই ক্যাশলেস ও নিরাপদ লেনদেন ব্যবস্থায় যুক্ত হওয়ার আহ্বান জানান অর্থমন্ত্রী। তাঁর মতে, এ উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশে ডিজিটাল অর্থনীতির বিকাশ আরও গতিশীল হবে।





