কাবুলের হোটেলে চিনা কূটনৈতিক ও ব্যবসায়ীদের লক্ষ্য করে জঙ্গি হামলা

কাবুলের হোটেলে চিনা কূটনৈতিক ও ব্যবসায়ীদের লক্ষ্য করে জঙ্গি হামলা
গতকাল সোমবার প্রবল বিস্ফোরণে কেঁপে ওঠে কাবুলের লংগান হোটেল। তার পরেই এক নাগাড়ে বোমা ও গুলি চলতে থাকে হোটেলের ভিতরে। আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা শহরে। তালেবান সরকারের মুখপাত্র খালিদ জাদরান বলেছেন, “হামলাটি কয়েক ঘণ্টা ধরে চালানো হয়। তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। দূতাবাসের সুরক্ষার বিষয়ে আলোচনা করার জন্য আফগান উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চিনের রাষ্ট্রদূতের দেখা করার একদিন পরেই এই হামলার ঘটনা ঘটেছে।”
নিরাপত্তা বাহিনীর হাতে খতম হয়েছে – হামলার সঙ্গে জড়িত তিন জঙ্গি। ইসলামিক স্টেট (আইএস) এই হামলার দায় স্বীকার করেছে। আইসিস জঙ্গি গোষ্ঠীর তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, তাদের দুই কর্মী কাবুলে চিনা কূটনীতিক এবং ব্যবসায়ীরা থাকা অবস্থায় একটি বড় হোটেলে আক্রমণ করে। যেখানে তারা দু’টি ব্যাগে লুকিয়ে রাখা বিস্ফোরকের মাধ্যমে বিস্ফোরণ ঘটায়। তাদের সদস্যরা হোটেলের অতিথিদের লক্ষ্য করে গুলি চালায় বলেও আইএস বিবৃতিতে জানিয়েছে।
সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে,  একটি বোমা চিনা অতিথিদের পার্টিকে লক্ষ্য করে এবং অন্যটি অভ্যর্থনা হলকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল। হামলার সময় দুই বিদেশি ব্যবসায়ী হোটেলের বারান্দা থেকে লাফ দিয়ে পালানোর সময় আহত হন। ২১ জনকে হাসপাতালে ভর্তি করানো হয়। এদের মধ্যে তিনজন মারা গিয়েছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।