ইতালির ভেনিসে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে অনাকাঙ্ক্ষিত হামলার শিকার হওয়া দেশের জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধনের বাসায় গিয়ে তার ও তার পরিবারের সার্বিক খোঁজখবর নিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেরিফায়েড আইডি থেকে দেওয়া এক পোস্টে রাষ্ট্রের এই মানবিক সৌজন্যের কথা জানান অভিনেত্রী বাঁধন নিজেই।
সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে বাঁধন উল্লেখ করেন, “আমার ও আমার পরিবারের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা এবং খোঁজ নিতে আমাদের বাসায় এসেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব হুমায়ুন কবির সাহেব। এই কঠিন সংকটকালীন সময়ে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে প্রাপ্ত আন্তরিকতা, সৌজন্য ও দায়িত্বশীল ভূমিকার জন্য আমি গভীরভাবে সম্মানিত ও কৃতজ্ঞ।”
তিনি আরও বলেন, “রাষ্ট্রের এই তাৎক্ষণিক সহানুভূতিশীল উদ্যোগ একজন নাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি আমার আস্থাকে বহুগুণ দৃঢ় করেছে। ইতালিতে উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশ সরকার, ইতালীয় পুলিশ বিভাগ ও দূতাবাস যেভাবে পাশে দাঁড়িয়েছে, তা প্রশংসনীয়।”
মতভিন্নতার ঊর্ধ্বে উঠে নাগরিক নিরাপত্তার তাগিদ দিয়ে বাঁধন বলেন, “অন্যায় ও ভয়ের বিরুদ্ধে আমাদের প্রধান শক্তি হলো ঐক্য ও সাহস। মতের পার্থক্য থাকতে পারে, তবে একজন নাগরিকের মর্যাদা ও সুরক্ষার বিষয়ে কোনো আপস চলতে পারে না।”
উল্লেখ্য, আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিতে ইতালি অবস্থানকালে সম্প্রতি দুষ্কৃতকারীদের হামলার শিকার হন এই অভিনেত্রী। ঘটনাটি প্রকাশ্যে এলে দেশে-বিদেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয় এবং এর বিচার দাবিতে সরব হন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাধারণ নাগরিকরা।





