বর্তমানে করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে ২৫-৪৪ বছর বয়সীরা

বর্তমানে করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে ২৫-৪৪ বছর বয়সীরা

দেশে বর্তমানে করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে ২৫ থেকে ৪৪ বছর বয়সীরা। তবে সবচেয়ে বেশি মৃত্যু হচ্ছে ষাটোর্ধ্বদের।

সংখ্যার দিক থেকে মোট এবং দৈনিক হিসাবে ষাটোর্ধ্বরা দেশে সংক্রমণের শুরু থেকেই সর্বোচ্চ মৃত্যুর জায়গায় রয়েছে। তবে গত দুই মাসের দৈনিক হিসাব বিশ্লেষণ করে পাওয়া গেছে ভিন্ন এক চিত্র। গত বছরের মার্চ থেকে চলতি বছরের ১৩ মে পর্যন্ত ১৪ মাসে দৈনিক যে হারে বিভিন্ন বয়সীদের মৃত্যু ঘটেছে, সেই তুলনায় গত দুই মাসে দৈনিক আনুপাতিক মৃত্যুহার বেশি হচ্ছে ২১ থেকে ৪০ বছর বয়সীদের। আর সংক্রমণ যতই বাড়ছে তা ছড়িয়ে পড়ছে সব বয়সীদের মধ্যে। এমনকি নবজাতক থেকে শুরু করে চার বছর বয়সী শিশুরাও উদ্বেগজনক হারে আক্রান্ত হতে শুরু করেছে।

জানতে চাইলে আইইডিসিআরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এ এস এম আলমগীর বলেন, ‘সব বয়সের মানুষের মধ্যেই করোনাভাইরাসের সংক্রমণ ঘটছে এবং ঘটবে। শিশুদের মধ্যে করোনাভাইরাস ছড়ায় না—এটা এখন পর্যন্ত কেউ বলেনি। বরং আমরা বরাবরই বলছি, যে পরিবারে শিশু ও বয়স্করা রয়েছে তাদের আক্রান্ত করার জন্য দায়ী অন্য বয়সীরা, যারা বাইরে গিয়ে সংক্রমণ ঘরে টেনে আনছে। এ ছাড়া সব সময়ই অপেক্ষাকৃত তরুণরা বেশি আক্রান্ত হচ্ছে, কারণ তারাই বেশি বাইরে যায়। ফলে তাদের মধ্যে যারা জানা-অজানা জটিল রোগে আগে থেকে আক্রান্ত, তারা তো মৃত্যুর ঝুঁকিতে থাকবেই। সেটা শিশুদের ক্ষেত্রেও ঘটতে পারে। যেমনটা বয়স্কদের সবচেয়ে বেশি হয়।’

এই বিশেষজ্ঞ বলেন, এককথায় বলতে গেলে আক্রান্ত বাড়লে মৃত্যু বাড়বেই। সেটা আনুপাতিক হারে সব বয়সের ওপরই প্রভাব পড়ে। আগে যেহেতু আক্রান্ত তুলনামূলক কম ছিল ফলে তরুণদের মৃত্যুও কম দেখা গেছে। কিন্তু এখন সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে তাদের অধিকতর সতর্ক থাকতে হবে, নিজের জন্য এবং পরিবারের অন্যদের জন্য।

স্বাস্থ্য অধিদপ্তরের বিভিন্ন সময়ের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, গত দুই মাসে দৈনিক মৃত্যুর গড় হার বেড়েছে ৩১-৪০ বছর বয়সীদের ৭৭.৫২ শতাংশ, তার পরই ২১-৩০ বছরের বেড়েছে ৭৭.৪৩ শতাংশ, ৪১-৫০ বছর বয়সীদের বেড়েছে ৭১.৬০ শতাংশ, ৫১-৬০ বছর বয়সীদের মৃত্যু বেড়েছে ৬৫.২৮ শতাংশ, ষাটোর্ধ্বদের মৃত্যু বেড়েছে ৬৩ শতাংশ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Dutta
সংবাদ প্রতিনিধি

Dutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।