দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। নতুন নির্ধারিত দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকা। ভরিপ্রতি সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা পর্যন্ত দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ।
শুক্রবার (৯ অক্টোবর) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির জরুরি বৈঠকে সোনার নতুন দাম নির্ধারণ করা হয়। সংগঠনটির বিজ্ঞপ্তি অনুযায়ী, সকাল ১০টা থেকে নতুন মূল্য কার্যকর হয়েছে।
নতুন দর অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকা, ভ্যাটসহ। এর আগে এই দাম ছিল ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা।
এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৯১৬ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হবে ১ লাখ ৮৯ হাজার ৭১৫ টাকায়। অন্যদিকে, সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৪ হাজার ৯৫৬ টাকা।
সোনার দাম বাড়লেও রুপার দামে কোনো পরিবর্তন আনেনি বাজুস। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ৩১৬ টাকায়। ২১ ক্যারেটের রুপার দাম ৪ হাজার ১৪১ টাকা, ১৮ ক্যারেটের দাম ৩ হাজার ৫৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার প্রতি ভরির দাম ২ হাজার ৬৮৩ টাকা।
উল্লেখ্য, সোনা ও রুপার এসব দাম প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) হিসেবে নির্ধারণ করা হয়েছে।





