শিক্ষা, গবেষণা, প্রশিক্ষণ ও শিক্ষাপ্রশাসনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘গুণী শিক্ষক’ সম্মাননা পেয়েছেন রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মো. আব্দুর রহিম।
বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে দেশের বিভিন্ন পর্যায়ের নির্বাচিত শিক্ষকদের হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়।
লেফটেন্যান্ট কর্নেল মো. আব্দুর রহিম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর—দুই পরীক্ষাতেই প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন। অসাধারণ এই একাডেমিক কৃতিত্বের জন্য তিনি শহীদ শামসুজ্জোহা স্বর্ণপদক লাভ করেন। পরবর্তী সময়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ডিগ্রি অর্জন করেন তিনি।
উচ্চশিক্ষা ও গবেষণার ধারাবাহিকতায় সিএএস-টিডব্লিউএএস প্রেসিডেন্টস ফেলোশিপ অ্যাওয়ার্ডের আওতায় ২০২৪ সালে চীনের ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি অব চায়না থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন আব্দুর রহিম। দেশি-বিদেশি বিভিন্ন সাময়িকীতে তার ১১টি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে।
২০২৫ সালে রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নেওয়ার পর তার নেতৃত্বে প্রতিষ্ঠানের শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রমে অগ্রগতি আসে। শিক্ষার্থীদের মধ্যে জ্ঞানচর্চা ও বই পড়ার অভ্যাস গড়ে তুলতে তিনি রামু গ্রন্থমেলার আয়োজন করেন। পাশাপাশি প্রায় আট হাজার বই নিয়ে একটি আধুনিক গ্রন্থাগার প্রতিষ্ঠায় উদ্যোগ নেন।
তার নেতৃত্বে শিক্ষার্থীরা বিজ্ঞান, প্রযুক্তি, রোবোটিক্স, ক্রীড়া, স্কাউট ও বিতর্কসহ বিভিন্ন ক্ষেত্রে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জন করেছে।
শিক্ষাদান ও গবেষণার পাশাপাশি প্রশিক্ষণ, শিক্ষাপ্রশাসন এবং শিক্ষার্থীদের সার্বিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবেই লেফটেন্যান্ট কর্নেল মো. আব্দুর রহিমকে ‘গুণী শিক্ষক’ সম্মাননায় ভূষিত করা হয়েছে।





