উলাশীতে জামায়াতের ঈদ পুনর্মিলনী: উন্নয়ন, সুশাসন ও মাদকমুক্ত সমাজ গঠনের আহ্বান

উলাশীতে জামায়াতের ঈদ পুনর্মিলনী: উন্নয়ন, সুশাসন ও মাদকমুক্ত সমাজ গঠনের আহ্বান
যশোরের শার্শা উপজেলার ৯ নম্বর উলাশী ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উন্নয়ন, সুশাসন, সামাজিক সম্প্রীতি ও মাদকমুক্ত সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
রবিবার (৩১ মে ২০২৬) সকাল ১১টায় উলাশী ফোরকানিয়া মাদ্রাসা ও মক্তব সংলগ্ন মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং বিপুল সংখ্যক এলাকাবাসী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য মাওলানা আজিজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা জামায়াতের নায়েবে আমীর উপাধ্যক্ষ ফারুক হাসান, ইঞ্জিনিয়ার তৈয়েবুর রহমান, সেক্রেটারী জাহাঙ্গীর আলম, আমিরুল ইসলাম প্রমুখ।
সভায় সভাপতিত্ব করেন মাওলানা ৯নং উলাশী ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা শের শাহ এবং সঞ্চালনা করেন সেক্রেটারী মাওলানা আলমগীর হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আজিজুর রহমান বলেন, শার্শা উপজেলার উন্নয়নে বিভিন্ন মন্ত্রণালয়ে ইতোমধ্যে কর্মপরিকল্পনা জমা দেওয়া হয়েছে। উপজেলার প্রায় ১০০টি রাস্তা পাকাকরণ, ৪৫টি শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়ন, বিভিন্ন মসজিদ, মন্দির ও গির্জার উন্নয়ন কাজ, জলাবদ্ধতা নিরসন, হাসপাতালের সেবার মানোন্নয়ন এবং বন্দর উন্নয়নের বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে। এসব উন্নয়ন কার্যক্রমের দৃশ্যমান অগ্রগতি আগামী দুই মাসের মধ্যে দেখা যাবে বলে সংশ্লিষ্ট মন্ত্রণালয় আশ্বাস দিয়েছে।
তিনি আরও বলেন, সমাজে ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠা করা বর্তমান সময়ে বড় চ্যালেঞ্জ। অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে হবে এবং তাদের জন্য সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে। তিনি উলাশী ইউনিয়নের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা তুলে ধরে জনগণের নিরাপত্তা ও শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন।
মাওলানা আজিজুর রহমান বলেন, “সমাজ পরিবর্তনের জন্য সৎ ও যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে। নির্বাচনে সৎ মানুষকে মূল্যায়ন না করলে কাঙ্খিত পরিবর্তন সম্ভব নয়।
তিনি তরুণ সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষার আহ্বান জানিয়ে বলেন, “মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, পুরো পরিবার ও সমাজকে ধ্বংস করে। প্রশাসন চেষ্টা চালিয়ে গেলেও মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা জরুরি। সমাজের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মাদকের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে।
বক্তারা ঈদ পুনর্মিলনীর মাধ্যমে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও ইসলামী মূল্যবোধ জাগ্রত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানটি ঈদ-পরবর্তী সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং স্থানীয় জনগণের ব্যাপক উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।