× Banner
সর্বশেষ
৩০ লাখ কোটি টাকা ঋণের বোঝা নিয়েই কাজ শুরু করেছি – প্রধানমন্ত্রী এবছর দেশে ২২ লাখ ২৭ হাজার ৫০৬টি পশু উদ্বৃত্ত থাকবে – মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কালীগঞ্জে দলিল লেখক কল্যান ফান্ডের আয়োজনে সাংবাদিক সন্মেলন দুদিনে ৯৪ চাঁদাবাজ গ্রেফতার, তদবিরে ছাড়া হবে না – ডিএমপি কমিশনার ৩ মাস সহায়তা দেয়া হবে হাওড়াঞ্চলের কৃষকদের – দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী কবি সুকান্তের আদর্শকে ধারন করে মাদক মুক্ত সমাজ গড়তে হবে-এস এম জিলানী জুলাই সনদের প্রতিটি দফা আমরা বাস্তবায়ন করব – প্রধানমন্ত্রী আরজেএফ’র উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত দিল্লিতে বহুতল ভবনে ভয়াবহ আগুন, ৯ জনের মৃত্যু জেলা প্রশাসক সম্মেলন-২০২৬ শুরু, যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

উত্তরাঞ্চলের অর্ধশত নদ-নদী পানিশূন্য

admin
হালনাগাদ: বুধবার, ৩ ফেব্রুয়ারী, ২০১৬

শেখ মামুন-উর-রশিদ, রংপুর ব্যুরো : নিয়মিত নদী ড্রেসিং আর অব্যাহত নদী ভাঙ্গনের ফলে খরস্রোতা তিস্তাসহ উত্তরাঞ্চলের প্রায় ৫০টি নদ-নদী পানিশূন্য হয়ে পড়েছে। পানির অভাবে নদী অববাহিকার লাখ লাখ মানুষ নিজেদের পেশা হারিয়ে পরিবার- পরিজন নিয়ে পথে বসেছে।

অনেকেই সংসারের অভাব-অনটনের কারণে গ্রামগঞ্জে হাড়িপাতিল বিক্রি করে বেড়াচ্ছেন। পাশাপাশি পানি সংকটের কারণে আবাদি জমির পরিমাণ কমে গিয়ে ধু-ধু বালুচরে পরিণত হয়েছে হাজার হাজার হেক্টর জমি।

অথচ এসব নদীতে এক সময় পানি প্রবাহের গতি এতোটাই প্রবল ছিল যে, নদী পার্শ্ববর্তী হাজার হাজার হেক্টর জমি বছরের ৬ মাসেই পানির নিচে তলিয়ে থাকতো। নদীতে নৌ চলাচল ছিল স্বাভাবিক। মাঝি-মাল্লাদের কণ্ঠে ভেসে উঠতো সেই ভাওয়াইয়া, পল্লীগীতি ও ভাটিয়ালি গানের সুর।

নদীর ওপর নির্ভরশীল মত্স্যজীবীরাও পরিবার-পরিজন নিয়ে স্বাচ্ছন্দ্যে জীবন-যাপন করতো। অথচ বর্তমানে এ অঞ্চলের নদ-নদীগুলো মরে যাওয়ার উপক্রম হওয়ায় পাল্টে গেছে সার্বিক পরিস্থিতির চিত্র।

সরেজমিন খোঁজ নিয়ে জানা যায়, রংপুর, গাইবান্ধা, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, বগুড়াসহ উত্তরাঞ্চলের তিস্তা, ঘাঘট, ধরলা, করতোয়া, দুধকুমার, স্বতী ঘাঘট, নীলকুমার, বাঙালি, বরাই, মানাস, কুমলাই, ধুম, বুড়িঘোড়া, সোনাভরা, হলহলিয়া, লহিতা, ঘরঘরিয়া, নলেয়া, জিঞ্জিরাম, ফুলকুমার, কাঁটাখালী, সারমারা, রায়ঢাক, যমুনেশ্বরী, চিতনী, মরা করতোয়া, ইছামতি, আলাই, কুমারীসহ ৫০টি নদ-নদী মৃত প্রায়।

মানচিত্র থেকে হারিয়ে যেতে বসেছে এসব নদ-নদী। নদ-নদীগুলো শুকিয়ে যাওয়ায় চারিদিকে ধু-ধু বালুচরে পরিণত হয়েছে হাজার হাজার হেক্টর জমি। ফলে কমে গেছে আবাদি জমির পরিমাণও।

রংপুর মহানগরী থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে গঙ্গাচড়া উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে ৭টি ইউনিয়ন তিস্তা নদী বেষ্টিত। বর্তমান মৌসুমে তিস্তা নদী ধু-ধু বালুচরে পরিণত হওয়ায় বেকার হয়ে পড়েছে এ অঞ্চলের কৃষক, জেলে, মাঝি- মাল্লারা। এদিকে ডালিয়া থেকে কাউনিয়া পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার এলাকা জুড়ে জেগে উঠেছে বিশাল বিশাল বালুচর।

পানির অভাবে তিস্তা প্রকল্পে আধুনিক সেচ সুবিধা থাকলেও পানি প্রবাহ না থাকায় তিস্তা অববাহিকার লাখ লাখ মানুষের জীবনযাত্রা অচল হয়ে পড়েছে। নদীর ওপর নির্ভরশীল এসব মানুষের জীবনে নেমে এসেছে চরম হাহাকার।

গঙ্গাচড়া উপজেলার আলমবিদিতর, সদর থেকে পীরগাছা উপজেলার প্রায় ৮০ কিলোমিটার বিস্তৃত ছিল মানাস নদী। বর্তমানে এ নদীর কোনো অস্তিত্ব নেই। একই অবস্থা ঘাঘট নদীর। নগরীর অদূরে ঘাঘট নদীকে কেন্দ্র করে এক সময়ের গড়ে ওঠা নদী বন্দর বিলীন হয়ে গেছে।

১৮২০ সালের পর থেকে এ অঞ্চলের প্রমত্তা করতোয়া নদী ক্ষীণ হয়ে আজ প্রায় মরে যাওয়ার উপক্রম হয়েছে। করতোয়া গাইবান্ধা ও বগুড়ার ওপর দিয়ে প্রবাহিত।

পীরগাছা উপজেলা দিয়ে এক সময়কার প্রবাহিত আড়াইকুমারী নদীর কোনো অস্তিত্বই আজ আর নেই। শুধুমাত্র রংপুর বিভাগের মধ্যেই প্রায় ৩৪টি নদ-নদী শুকিয়ে গেছে। ধ্বংস হয়ে পড়েছে কৃষি ক্ষেত্র।

প্রতিটি জেলায় দেখা দিয়েছে মত্স্য ঘাটতি। নদ-নদীগুলো মরে যাওয়ার উপক্রম হওয়ায় উত্তরাঞ্চল জুড়ে মরুকরণ সৃষ্টির লক্ষণ দেখা দেয়ায় সংকিত হয়ে পরেছেন পরিবেশবিদরা। পরিবেশবিদরা জানান, বাঁধ নির্মাণ করে ভারতের একতরফা পানি প্রত্যাহারের ফলে এ অবস্থার সৃষ্টি হয়েছে।

এ অঞ্চলের নদী-উপনদী, শাখা-প্রশাখা, ছড়ানদী এবং নদীখাতগুলোকে বাঁচিয়ে তুলতে পর্যাপ্ত পানির প্রবাহ বজায় রাখতে হবে।

পাশাপাশি নদীগুলো পুনঃরুদ্ধার করতে অবৈধ বাঁধ অপসারণ, তলদেশ খনন, ড্রেজিং মাধ্যমে উত্স মুখ খোলাশা করে কৃত্রিম ক্যানেলের মাধ্যমে ছোট নদীগুলোর সঙ্গে বড় নদীগুলোর সংযোগ করা প্রয়োজন।

দ্রুত সমস্যার সমাধান করতে না পারলে এক সময় উত্তরাঞ্চল মরুভূমিতে পরিণত হতে পারে বলে আশঙ্কা পরিবেশবিদদের।


এ ক্যটাগরির আরো খবর..