নির্বাচন কমিশন গঠনের জন্য নবগঠিত সার্চ কমিটির (অনুসন্ধান কমিটি) প্রথম বৈঠক সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেছেন, আগামী শনিবার ও রোববার বিশিষ্টজনদের সঙ্গে সার্চ কমিটি বৈঠকে বসবে। এ ছাড়া নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর কাছ থেকে ই-মেইলে মতামত চাওয়া হবে।
সার্চ কমিটির সভাপতি আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন সার্চ কমিটির সদস্য হাইকোর্ট বিভাগের বিচারপতি এস এম কুদ্দুস জামান, বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মোহাম্মদ মুসলিম চৌধুরী, সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার ছহুল হোসাইন এবং কথাসাহিত্যিক অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক।





