আলোকচিত্র হচ্ছে সময়ের দলিল – তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

আলোকচিত্র হচ্ছে সময়ের দলিল – তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ছবি কেবল আলো-ছায়ার খেলা নয়, এটি একটি সময়ের দলিল, যা ইতিহাসকে অমর করে রাখে। একটি সংবাদের গ্রহণযোগ্যতা নির্ভর করে সেই ঘটনার নির্ভুল ভিজ্যুয়াল রেকর্ডের ওপর।
আজ (বৃহস্পতিবার) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি কিছুটা আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, আমার কর্মজীবনের একদম শুরুর দিকে প্রবল ইচ্ছা ছিল একজন ফটো জার্নালিস্ট হওয়ার। ক্যামেরার লেন্সে জীবনকে দেখার সেই স্বপ্ন আজও আমাকে তাড়িত করে।
বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সয়ায়তায় ন্যাশনাল ফোরাম অব ফটো জার্নালিস্ট, নেপাল (এনএফপিজে)-এই প্রদর্শনীর আয়োজন করেছে।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী তাঁর ব্যক্তিগত জীবনের পুরনো স্মৃতি রোমন্থন করে বলেন, নব্বইয়ের দশকের দিকে আমি যখন নেপাল ভ্রমণে গিয়েছিলাম, সেই অভিজ্ঞতা ছিল এক কথায় অনন্য। হিমালয়ের কোল ঘেঁষে থাকা দেশটির মানুষের সারল্য আর প্রাকৃতিক বৈচিত্র্য আমাকে মুগ্ধ করেছিল।

তিনি বলেন, দুই দেশের মৈত্রীর বন্ধন শক্তিশালী করতে এই ধরণের আয়োজন প্রশংসার দাবি রাখে। বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মহসিন হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূইয়া, ন্যাশনাল ফোরাম অব ফটো জার্নালিস্ট, নেপালের সভাপতি প্রদীপ রাজ অনন্তা প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয় প্রেস ক্লাবের নির্বাহী কমিটির সদস্য রওনাক হোসেন।

বক্তারা বলেন, নেপাল এবং বাংলাদেশের ভৌগোলিক ও সাংস্কৃতিক মিল অনেক। আলোকচিত্রীদের লেন্সের মাধ্যমে এই দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং পেশাদারিত্বের আদান-প্রদান বাড়বে।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি ইয়াসের খান চৌধুরী ফিতা কেটে প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এরপর তিনি আমন্ত্রিত অতিথিদের সঙ্গে নিয়ে পুরো গ্যালারি ঘুরে দেখেন। প্রদর্শনীতে নেপালের পাহাড়, উপত্যকা, উৎসব ও সাধারণ মানুষের জীবনের নানা মুহূর্ত উঠে এসেছে।

আয়োজক পক্ষ জানিয়েছে, দুই দেশের সাংস্কৃতিক বিনিময়ের অংশ হিসেবে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
লেখক / প্রতিবেদক

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।