আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতাঃ বরিশালের আগৈলঝাড়ায় স্ত্রী-পুত্রের নির্যাতনের বৃদ্ধ গৃহকর্তা ৩দিন যাবৎ বাড়ি ছাড়া। এঘটনায় এলাকাবাসীর মাঝে চরম ক্ষোভ দেখা দিয়েছে।
জানাগেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের আহুতি বাটরা গ্রামের কাঠমিস্ত্রী রূপচান তালুকদার (৫৮) পেশাগতভাবে বিভিন্ন এলাকায় কাজ করে। মাঝেমধ্যে রূপচান বাড়ি ফিরলে তার বড় ছেলে রঞ্জন ও স্ত্রী বিল্ব রানী চাহিদা মত টাকা না পাওয়ায় জন্য প্রায়ই তাকে কারনে-অকারনে শারীরিক নির্যাতন করত। গত ১৮ ফেব্রুয়ারী রূপচান কাজ শেষে বাড়ি ফিরলে তার ছেলে ও স্ত্রী সারা রাতে গোয়াল ঘরের পাশে খালি গায়ে রশি দিয়ে বেঁধে রাখে। পরের দিন সকালে তার ছেলে পুনরায় শারীরিক নির্যাতনের এক পর্যায়ে দৌড়ে পাশের জিতেন বৈদ্যর বাড়িতে আশ্রয় নিলেও ছেলে ধাওয়া করে ওই বাড়িতে গিয়ে লোকজনের সামনে গলায় ফাঁস দিয়ে পিতাকে হত্যার চেষ্টা করে। এসময় ওই বাড়ির জিতেন বৈদ্য ও তার পারিবারে লোকজন রূপচানকে ছেলে হাত থেকে রক্ষা করে। পরে রূপচানকে স্থানীয় পল্লী চিকিৎসক তুষার রঞ্জন বাড়ৈর কাছে নিয়ে চিকিৎসা করান।
এঘটনায় এলাকাবাসীর মাঝে ক্ষোভ দেখা দিলে রূপচানের ছেলে ও স্ত্রীকে ধাওয়া করে। আহত রূপচান এঘটনার পর থেকে তার ভাই বুদ্ধি তালুকদারের বাড়িতে আশ্রিত রয়েছে। পুনরায় হামলার আশংকায় ছেলে ও স্ত্রী ভয়ে নিজ বাড়িতে ফিরতে পারছে না ওই বৃদ্ধা। এঘটনায় স্থানীয় ইউপি সদস্য সঞ্জয় বৈদ্য, সাবেক ইউপি সদস্য তরুণ কান্তি হালদার, শিক্ষক মৃনাল কান্তি রায় ঘটনার সত্যতা স্বীকার করে ছেলে ও স্ত্রীর বিচারের দাবী জানান। এব্যাপারে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম জানান, বিষয়টি জেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


