আন্তর্জাতিক ডেস্ক: তারাতারি ই সিরিয়া অভিমুখে রওনা হচ্ছে মার্কিন একটি বিশেষ সামরিক বাহিনী। প্রেসিডেন্ট বারাক ওবামা প্রশাসনের একটি উচ্চপর্যায় থেকে রোববার এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিশেষ এই বাহিনী সিরিয়ার উত্তরাঞ্চলে অবস্থান নেওয়া আইএসবিরোধী সশস্ত্র সংগঠনগুলোকে সামরিক সহায়তা ও পরামর্শ দিবে।
ওবামা প্রশাসনের কর্মকর্তা ব্রেট ম্যাকগার্ক সিবিএস টেলিভিশনে ‘জনতার মুখোমুখি’ নামে এক অনুষ্ঠানে বলেছেন, খুব শিগগিরই বিশেষ এই বাহিনী সিরিয়ার উদ্দেশ্যে রওনা হবে।
এই বাহিনী কুর্দিশ মিলিশিয়া পিপলস প্রটেকশন ইউনিটস (ওয়াইপেজি), আরব গ্রুপ ও সিরিয়াক ক্রিশ্চিয়ানস বাহিনীর সমন্বয়ে আরব-কুর্দ বাহিনীকে পরামর্শ দিবে।
এই বাহিনীটিই গত সপ্তায় আইএসের কাছ থেকে সিরিয়ার এগারশ বর্গ কিলোমিটার এলাকা পুনরুদ্ধার করেছে। তাদের অভিযানে আইএসের তিনশ যোদ্ধা নিহত হয়েছিল।
ম্যাকগার্ক ব্যাখ্যা করে বলেন, ওই বাহিনী আইএসের দখলে থাকা সিরিয়ার রাক্কা ও ইরাকের মসুলের মধ্যকার গুরুত্বপূর্ণ যোগাযোগব্যবস্থা নষ্ট করে দেওয়ার চেষ্টা করবে।
তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া অনলাইন।





