যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের বাংলাদেশি অধ্যুষিত ব্রুকলিনে একটি রেস্তোরাঁয় গুলির ঘটনায় এক বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক বাংলাদেশি আহত হয়েছেন।
পুলিশ জানায়, স্থানীয় সময় রোববার (২৩ আগস্ট) মধ্যরাতের দিকে ব্রাউনসভিল এলাকার রকঅ্যাওয়ে অ্যাভিনিউয়ের ‘আমেরিকান বেস্ট উইংস অ্যান্ড পিজা’ রেস্তোরাঁ থেকে জরুরি নম্বরে ফোন পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।
কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে মাথায় গুলিবিদ্ধ ৪৪ বছর বয়সি এক ব্যক্তি এবং পায়ে গুলিবিদ্ধ ৩৯ বছর বয়সি আরেক ব্যক্তিকে দেখতে পান। দুজনকেই হাসপাতালে নেয়া হলে ৪৪ বছর বয়সি ব্যক্তিকে মৃত ঘোষণা করা হয়।
পুলিশ জানিয়েছে, হামলার উদ্দেশ্য এখনো জানা যায়নি। এটি ডাকাতির ঘটনা, নাকি ব্যক্তিগত কোনো বিরোধের জেরে হামলা—তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলের ভিডিও ও অন্যান্য আলামত পরীক্ষা করছে পুলিশ। এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি। হামলাকারী সম্পর্কে কোনো বর্ণনাও দেয়নি পুলিশ।
এদিকে যুক্তরাষ্ট্র থেকে পরিচালিত বাংলা সংবাদমাধ্যম ঠিকানার খবরে বলা হয়েছে, রেস্তোরাঁয় গুলির ঘটনায় নিহত ব্যক্তির নাম মো. রাজু।
প্রত্যক্ষদর্শী ও রাজুর স্বজনেরা জানান, ঘটনার সময় এক বন্দুকধারী ওই দোকানে ঢুকে হঠাৎ গুলি চালায়। এতে দোকানে কর্মরত রাজু এবং সেখানে থাকা আরও এক বাংলাদেশি গুলিবিদ্ধ হন। রাজুর বুকে এবং অপর বাংলাদেশির পায়ে গুলি লাগে।
তথ্যসূত্র: সিএনবিসি নিউজ





