সরকারের প্রথম ১৮০ দিন ছিল পুনর্গঠনের ভিত্তি তৈরির সময়: তথ্যমন্ত্রী

সরকারের প্রথম ১৮০ দিন ছিল পুনর্গঠনের ভিত্তি তৈরির সময়: তথ্যমন্ত্রী
সরকারের প্রথম ১৮০ দিন

নির্বাচনের মাধ্যমে জনগণের দেওয়া ম্যান্ডেটের ভিত্তিতে পরিচালিত সরকার জনগণের কাছে নিয়মিত জবাবদিহি করবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, সরকারের পাঁচ বছরের ১ হাজার ৮২৫ দিনের মেয়াদের প্রথম ১৮০ দিনকে রাষ্ট্র ও সমাজের বিদ্যমান সংকট, ক্ষত ও অব্যবস্থাপনা দূর করে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নের উপযোগী ভিত্তি তৈরির সময় হিসেবে দেখা হচ্ছে।

সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরকারের প্রথম ১৮০ দিনের কর্মকাণ্ড ও অগ্রগতি তুলে ধরতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের গণআন্দোলন ছিল দীর্ঘদিনের জমে থাকা জনঅসন্তোষের বহিঃপ্রকাশ। ওই রাজনৈতিক পরিবর্তনের পর রাষ্ট্র পরিচালনার বিভিন্ন ক্ষেত্রে যে সংকট ও দুর্বলতা সামনে এসেছে, সেগুলো মোকাবিলা করে কার্যকর প্রতিষ্ঠান ও প্রশাসনিক কাঠামো গড়ে তোলাকে সরকার অগ্রাধিকার দিয়েছে।

তিনি বলেন, ৫ আগস্ট বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ প্রতীকে পরিণত হয়েছে। একইভাবে ২০২৫ সালের ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে ঘিরে মানুষের ব্যাপক অংশগ্রহণ ও প্রত্যাশা এবং ৩১ ডিসেম্বর বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুর পর মানুষের শ্রদ্ধা ও ভালোবাসা—এগুলোও জনগণের রাজনৈতিক অনুভূতির পৃথক প্রতিফলন।

জহির উদ্দিন স্বপন বলেন, এই ঘটনাগুলো বাংলাদেশের রাজনীতিতে জনগণের আকাঙ্ক্ষা, প্রত্যাশা ও রাজনৈতিক আস্থার বিভিন্ন দিক তুলে ধরে।

জনগণ ভোটাধিকার প্রয়োগ করে নির্বাচনের মাধ্যমে বর্তমান সরকারকে দায়িত্ব দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, সেই ম্যান্ডেটের কারণেই সরকারের ওপর জনগণের কাছে জবাবদিহির দায়িত্ব রয়েছে। সরকার নিয়মিতভাবে তার কর্মকাণ্ড জনগণের সামনে তুলে ধরবে এবং সাংবাদিকদের প্রশ্নের জবাবের মাধ্যমে বিভিন্ন সিদ্ধান্ত ও উদ্যোগের ব্যাখ্যা দেবে।

তিনি আরও বলেন, নির্বাচনের আগে ঘোষিত রাজনৈতিক পরিকল্পনা ও নির্বাচনী ইশতেহারের বিষয়গুলো জনগণের কাছে স্পষ্ট। সরকারের মেয়াদ যত এগোবে, ইশতেহারের কতটা বাস্তবায়ন হয়েছে এবং কোন কোন প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে রয়েছে, তা ধারাবাহিকভাবে জনগণকে জানানো হবে।

আরও পড়ুনঃ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম ১৮০ দিনের অগ্রাধিকার সম্পর্কে তথ্যমন্ত্রী বলেন, দীর্ঘদিনের ক্ষয়ক্ষতি ও অব্যবস্থাপনার পর নতুন করে কার্যকর রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে হলে শুরুতেই সব কর্মসূচি একসঙ্গে বাস্তবায়ন করা সম্ভব নয়। প্রয়োজনীয় প্রতিষ্ঠানগুলোকে কার্যকর করা, সমস্যাগুলো শনাক্ত করা এবং সংস্কারের মাধ্যমে ভবিষ্যৎ কর্মসূচির ভিত্তি তৈরি করাই ছিল এই সময়ের অন্যতম প্রধান কাজ।

তিনি বলেন, একটি নতুন ভবন নির্মাণের আগে জায়গাটি পরিষ্কার ও প্রস্তুত করতে হয়। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও একই ধরনের প্রস্তুতির প্রয়োজন রয়েছে। অর্থনীতি, প্রশাসন, সামাজিক কাঠামো এবং রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানকে কার্যকর ও শক্তিশালী করে তোলার পরই দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন আরও কার্যকরভাবে করা সম্ভব হবে।

তথ্যমন্ত্রী বলেন, সরকারের অন্যতম অঙ্গীকার হলো রাষ্ট্র পরিচালনায় জবাবদিহির সংস্কৃতি প্রতিষ্ঠা করা। এ কারণে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেওয়া এবং সরকারের কর্মকাণ্ডের ব্যাখ্যা জনগণের সামনে তুলে ধরার প্রক্রিয়া অব্যাহত থাকবে।

তিনি আশা প্রকাশ করেন, প্রাথমিক পুনর্গঠনের কঠিন ধাপ অতিক্রম করার সঙ্গে সঙ্গে সরকারের উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মসূচি আরও পরিকল্পিত ও কার্যকরভাবে বাস্তবায়িত হবে।

আরও  পড়ুনঃ জুলাই গণঅভ্যুত্থানের একক মালিকানা কেউ দাবি করতে পারবে না: ববি হাজ্জাজ

জহির উদ্দিন স্বপন বলেন, সামনে এগোনোর সঙ্গে সঙ্গে সরকারের ঘোষিত পরিকল্পনাগুলো বাস্তবায়নের সক্ষমতা আরও বাড়বে এবং জনগণের প্রত্যাশা পূরণে সরকার কার্যকর পদক্ষেপ নিতে পারবে।

প্রেস ব্রিফিংয়ে তিনি সরকারের প্রথম ১৮০ দিনের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন এবং ভবিষ্যতেও সরকারের কার্যক্রম সম্পর্কে জনগণকে নিয়মিত অবহিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
সংবাদ প্রতিনিধি

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।