নির্বাচনে কুড়িগ্রাম থেকে কোনো আসন না পেলেও জেলার উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে কুড়িগ্রামের রাজারহাট উপজেলা কমপ্লেক্সের নবনির্মিত ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, নির্বাচনে কুড়িগ্রাম থেকে কোনো আসন না পাওয়ায় সরকার এ জেলাকে উন্নয়ন থেকে বঞ্চিত করবে—এমন ধারণার কোনো ভিত্তি নেই। উন্নয়নের ক্ষেত্রে কুড়িগ্রামকে কোনোভাবেই অবহেলা করা হবে না।
তিনি বলেন, কুড়িগ্রাম দেশের একটি পিছিয়ে থাকা জেলা। এখানকার অনেক মানুষ এখনো দারিদ্র্যসীমার নিচে বসবাস করেন। মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং জীবনমান উন্নয়নের লক্ষ্যে সরকার বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে বলে জানান তিনি।
ত্রাণমন্ত্রী আরও বলেন, গত ১৭ বছরে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান ও বিভাগ কার্যকরভাবে কাজ করতে পারেনি। এর প্রভাব আইনশৃঙ্খলা পরিস্থিতির পাশাপাশি প্রশাসনের বিভিন্ন স্তরেও পড়েছে। এখনো বিভিন্ন ক্ষেত্রে অনিয়ম, দুর্নীতি ও অসামঞ্জস্য রয়েছে এবং সরকার এসব সমস্যা সমাধানে কাজ করছে।
এর আগে মন্ত্রী রাজারহাট উপজেলা কমপ্লেক্সের নতুন ভবনের উদ্বোধন করেন। উদ্বোধন শেষে তিনি ভবনের বিভিন্ন অংশ পরিদর্শন করেন।
এ সময় রাজারহাট উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী এবং জেলা ও উপজেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





