বিশেষ প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘আজকে সংবাদপত্রের গলা টিপে ধরা হয়েছে। গণমাধ্যমের কোনো স্বাধীনতা নাই।’ আওয়ামী লীগের সমালোচনা করে তিনি আরো বলেন, ‘তাঁরা গণমাধ্যমকে গলা টিপে ধরতে চাইছে একদিকে, অন্যদিকে নির্বাচনকে কৌশলের মাধ্যমে অন্যায়ভাবে ক্ষমতা দখলকরার পাঁয়তারা করছে।’
আজ সোমবার সিলেটের শহীদ সুলেমান হলে আয়োজিত বিএনপির কর্মীসভায় এসব কথা বলেন আমীর খসরু মাহমুদ চৌধুরী।
সিলেট মহানগর বিএনপি এ সভার আয়োজন করে। নির্বাচন কমিশনে নিজেদের লোক বসিয়ে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় যেতে চাইছে বলে অভিযোগ করেন বিএনপির স্থায়ী সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘এখন আমরা নির্বাচন কমিশনকে আবার লিখিতপ্রস্তাব দিচ্ছি তাদের আগামী দিনের কার্যক্রম কী হওয়া উচিত। যে বিধিমালাগুলো আছে নির্বাচনের কী কী পরিবর্তন করা উচিত নির্বাচন কমিশনের কাছে বিএনপির পক্ষ থেকে দেওয়া হবে।’
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘শেখ হাসিনা ভারত থেকে ফিরে আসার পর খালেদা জিয়া যে প্রেস কনফারেন্স করেন সেটা তাঁরা গণমাধ্যমে দেখাতে দেয়নি। ২০৩০ নিয়ে এ খালেদা জিয়া যে ভিশন সেটা গণমাধ্যমে দেখাতে দেবে কি না আমি জানি না।’আমীর খসরু আরো বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার প্রক্রিয়া পাকাপোক্ত করতে বিএনপি নেতাকর্মীদের মামলা দিয়ে হয়রানি, গুম ও হত্যা করছে। অবৈধভাবে ক্ষমতায় থেকে নিজেরা জনবিচ্ছিন্ন হয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করছে।’


