যশোর অফিস: যশোরের অভয়নগরের নওয়াপাড়ায় আবারও সড়ক দুর্ঘটনা দুই নারী নিহত হয়েছেন। বুধবার রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনায় ঘটে। ট্রেনইঞ্জিনের সঙ্গে শ্রমিকবাহী বাসের সংঘর্ষে আহত হয়েছেন আরো অন্তত ৩০ জন।
এ ঘটনায় রেলক্রসিংয়ের গেটম্যানকে সাময়িকভাবে বরখাস্ত করে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
নওয়াপাড়া রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার রুস্তুম আলী জানান, রাতে খুলনা থেকে যশোর অভিমুখে একটি রেলইঞ্জিন আসছিল। ওই সময় আকিজ জুটমিলস লিমিটেডের শ্রমিকবাহী একটি বাস নওয়াপাড়া তালতলা রেলক্রসিং অতিক্রম করছিল। এ সময় ট্রেনইঞ্জিনটি ধাক্কা দেয় বাসটিকে। এতে দুইজন নারী শ্রমিক নিহত ও অন্তত ৩০জন শ্রমিক আহত হন।এরা সবাই কাজ শেষে জুটমিলের নিজস্ব গাড়িযোগে বাড়িতে ফিরছিলেন।
নিহত দুই শ্রমিক হলেন কদবানু(৫২) ও নূরজাহান (৫০)। এই দুইজনের বাড়ি মণিরামপুর উপজেলার মনোহরপুর এলাকায়। তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার পর খুলনা থেকে রাজধানীসহ উত্তরবঙ্গের রেলযোগাযোগ বন্ধ হয়ে যায়।
এদিকে রেলক্রসিংয়ের গেটম্যানের দায়িত্ব অবহেলার কারণে ঘটনায় গেটম্যান হোসেন আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। দুর্ঘটনার জন্য রেলওয়ে কর্তৃপক্ষ একটি মামলাও দায়ের করেছে।
যশোর রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলী বদরুজ্জামান জানান, বুধবার রেলওয়ে কর্তৃপক্ষ জিআরপি থানায় একটি মামলা দায়ের করে। মামলায় বাস চালক রেজাউল ইসলাম ও তালতলা রেলক্রসিংয়ের গেটম্যান হোসেন আলীকে সাময়িক বরখাস্ত করে আসামী করা হয়েছে।





