অর্থনৈতিক প্রতিবেদক: জাপানি রিকন্ডিশন গাড়ি সুলভ মূল্যে পৌঁছে দিতে আগামী শুক্রবার থেকে শুরু হচ্ছে ‘বারভিডা কার এক্সপো’।
বুধবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় আয়োজক সংস্থা বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইম্পোটার অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন (বারভিডা)।
সংবাদ সম্মেলনে জানানো হয়, রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে প্রদর্শনীর উদ্বোধন করবেন নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান। তিন দিনব্যাপী প্রদর্শনী প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। প্রদর্শনীর প্রবেশ ফি ২০ টাকা।
সংবাদ সম্মেলনের শুরুতে লিখিত বক্তব্য উপস্থাপন করেন আয়োজক সংগঠন বারভিডা’র সেক্রেটারি জেনারেল মাহবুবুল হক চৌধুরী বাবর।
লিখিত বক্তব্যে তিনি বলেন, কার এক্সপো থেকে নিজেদের পছন্দ মতো গাড়ি দেখার পাশাপাশি যাবতীয় তথ্য সংগ্রহ করতে এবং বিশেষ মূল্যছাড়ে গাড়ি কিনতে ও বুকিং দিতে পারবেন গাড়ি প্রেমীরা। প্রদর্শনীতে বাংলাদেশে রিকন্ডিশন্ড গাড়ির ব্যবহারকারী ও আগ্রহী ক্রেতাদের কাছে সর্বশেষ জাপানি ‘নেক্সট জেনারেশন ভেহিকেল’ উপস্থাপন ও কারিগরি আয়োজন সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে।
প্রদর্শনীতে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি’র (বিআরটিএ) স্টল থাকবে। গাড়ি নিবন্ধনের ক্ষেত্রে টিআইএন বাধ্যতামূলক এবং পরবর্তী বছরের জন্য আয়কর পরিশোধের ব্যবস্থা থাকবে বলেও জানান তিনি।
এছাড়া জাতীয় রাজস্ব বোর্ডের স্টল থেকে টিআইএন ও ই-টিআইএন সংক্রান্ত বিভিন্ন তথ্য ও সনদ সংগ্রহ করা যাবে।
২৪ জানুয়ারি সকাল ১১টায় প্রদর্শনী প্রাঙ্গণে ফসিল ফুয়েল ও প্রাকৃতিক গ্যাস সাশ্রয়, বায়ু দূষণ রোধ ও বাসযোগ্য পরিবেশ বাস্তবায়নে হাইব্রিড যানবাহনের প্রয়োজনীয়তা শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানানো হয়।
আয়োজকরা জানান, ৬০ হাজার বর্গফুট আয়তনের দুটি হলে প্রায় ৪০টি স্টলে বর্ণিল ও চমৎকার সব রিকন্ডিশন্ড গাড়ি প্রদর্শনের ব্যবস্থা থাকবে।
বারভিডা’র সভাপতি আব্দুল হামিদ শরীফ বলেন, প্রদর্শনীতে বিভিন্ন গাড়ি বিক্রয় কোম্পানি, ব্যাংক, লিজিং ও আর্থিক প্রতিষ্ঠান, সিএনজি কনভারশন সেন্টার, তেল, টায়ার কোম্পানি ও ব্যাটারি প্রতিষ্ঠানের স্টল থাকবে। এখান থেকে গাড়ি সংশ্লিষ্ট বিভিন্ন উপকরণ সম্পর্কেও দর্শনার্থীরা জানতে পারবেন।
তিনি বলেন, এই মেলার মাধ্যমে ক্রেতারা জাপানি রিকন্ডিশন্ড গাড়ি ও মার্কেট সম্পর্কে স্বচ্ছ ধারণা পাবেন। মেলায় প্রতিযোগিতামূলক বাজারে সুলভ মূল্যে গাড়ি কেনা থেকে শুরু করে ব্যাংক ঋণ, ইন্স্যুরেন্স, সার্ভিসিংসহ ওয়ান স্টপ সুবিধা পাওয়া যাবে।