ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ভূমি ব্যবস্থাপনার সকল সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে। এজন্য ভূমি খাতে কর্মরত মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের দক্ষ, প্রশিক্ষিত ও আধুনিক তথ্যপ্রযুক্তি জ্ঞান সমৃদ্ধ হতে হবে। তাদের হাতে-কলমে শিখতে হবে । প্রশিক্ষিত জনবলের মাধ্যমে সাধারণ মানুষ প্রকৃত ঝামেলামুক্ত ও দুর্নীতিমুক্ত ভূমি সেবা পেতে সক্ষম হবেন ।
উপদেষ্টা আজ ভূমি ভবনে ভূমি মন্ত্রণালয় কর্তৃক অনলাইনে ভূমি উন্নয়ন কর আদায়ের হোল্ডিংয়ের শতভাগ নির্ভুলকরণ এবং সফটওয়্যার প্রচলন বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ভূমি উপদেষ্টা আগামী পয়লা ডিসেম্বর ২০২৪ থেকে ৩১ জানুয়ারি ২০২৫ এর মধ্যে সারা দেশের ভূমি হোল্ডিং ডাটা এন্ট্রিকরণ কাজ সম্পন্ন করতে জেলা, উপজেলা ও থানা পর্যায়ের ভূমি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। এ ব্যাপারে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের নিবিড় তদারকির ওপর জোর দেন।
কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ। এতে ঢাকা বিভাগের অতিরিক্ত কমিশনার (রাজস্ব), অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), উপভূমি সংস্কার কমিশনার, সহকারী কমিশনার (ভূমি) ও রেভিনিউ ডেপুটি কালেক্টরগণ যোগদান করেন।
সকালে ভূমি উপদেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয় আরসি মজুমদার মিলনায়তনে কক্সবাজার কমিউনিটি আলায়েন্স -ঢাকা আয়োজিত কক্সবাজার সংলাপ বিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন, কক্সবাজারের মৎস্য ,লবণ ও পর্যটন শিল্প বিকশিত করতে স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে যৌথ উদ্যোগ নিতে হবে। এ ব্যাপারে স্থানীয় পরিবেশ, জীববৈচিত্র্য ও সংস্কৃতিকে ঠিক রেখে গবেষণা কর্ম ও পরিকল্পনা প্রণয়ন করতে হবে। এ অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান, ইতিহাসবিদ আলতাফ পারভেজ ও সংগঠনের আহ্বায়ক মুহিব্বুল মুক্তাদির তানিম বক্তব্য রাখেন।
পরে ভূমি উপদেষ্টা সাউথইস্ট ইউনিভার্সিটি কর্তৃক নিজস্ব মিলনায়তনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহিদ ও আহতদের স্মরণ সভায় বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থীর রাজপথে সক্রিয় আন্দোলনের কারণে জুলাই- আগস্ট বিপ্লব পরিপূর্ণ রূপ পেতে সক্ষম হয়েছে।


