গোলাপগঞ্জ প্রতিনিধি : প্রশাসন ও এলাকাবাসীর বাধার মুখে জাকির নায়েক (লা মাজহাবী) অনুসারীদের ওয়াজ মাহফিল পণ্ড হয়েছে। শুক্রবার গোলাপগঞ্জ উপজেলার আমুড়া ইউনিয়নের কদমরসুল এলাকায় এ ওয়াজ মাহফিল পণ্ড হয়।
জানাযায়, শুক্রবার উপজেলার আমুড়া ইউনিয়নের কদমরসুল এলাকায় অবস্থিত ব্যক্তি মালিকানাধীন পার্কের মসজিদের জাকির নায়েক অনুসারী কতিত ব্যক্তি ওয়াজ মাহফিল আয়োজন করে।ওয়াজ মাহফিল সফল করতে কয়েকদিন থেকে লিফলেট, পোষ্টারের পাশাপাশি এলাকায় করানো হয়েছিল মাইকিং। কিন্তু এলাকাবাসী অভিযোগ করে বলেন এই ওয়াজ মাহফিল তাওহীদি জনতাকে বিভ্রান্ত করতে জাকির নায়েক অনুসারীরা (লা মাজহাবী) আয়োজন করেছে।এর মূল হোতা এ মসজিদের ঈমাম সুহেল আহমদ। শুক্রবার বাদ জুম’আ এই এলাকা ও পাশ্ববর্তী এলাকার বিভিন্ন মসজিদ থেকে মুসল্লিগণ নামাজ পড়ে মাহফিল প্রতিরোধ করতে জড়ো হতে থাকেন মাহফিল স্থলে। এসময় উত্তেজনা ও আতংক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। সবার ধারণা ছিল যদি এলাকাবাসীর বাধার মুখে এ মাহফিল হয় তা হলে বড় ধরণের অঘটন ঘটার পাশাপাশি লাশও পড়তে পারে। বিষয়টি আচ করতে পেরে স্থানীয় পুলিশ প্রশাসন জু’মআর নামাজের আগে গিয়ে ওয়াজ মাহফিল না করতে নিষেধ করলে শেষ পর্যন্ত আর ওয়াজ মাহফিল হয়নি। ঘটনার খবর পেয়ে সরেজমিন কদমরসুল এলাকায় গিয়ে দেখা যায়, এ পার্ক মসজিদটি কদমরসুল এলাকার একটি টিলার ওপর স্থাপিত। মসজিদের কিছু দুরে রয়েছে মসজিদের ইমাম মাওলানা সুহেল আহমদের (হুজরা) থাকার ঘর। মসজিদে যাওয়ার চারিদিকে শত শত উৎসুক জনতার ভিড়।
এ দিকে এ ওয়াজ মাহফিল বাতিলের দাবিতে বৃহস্পতিবার রাতে গোটা উপজেলায় মাইকিং করানো হয়। এতে বলা হয় ” একটি বিশেষ বার্তা, ইসলামের নামে মুসলমানদের বিভ্রান্ত করার জন্য ওয়াজ মাহফিলের নামে এলাকায় ইসলাম বিদ্বেষীরা অপসাংস্কৃতির আয়োজন করেছে”। মাইকিংয়ে শুক্রবার বাদ জুমআ মুসল্লিদের মাহফিলস্থলে সমবেত হওয়ার আহবানও জানানো হয়।





