ক্রীড়া ডেস্ক: মুখোমুখি দুই প্রতিবেশী অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। অকল্যান্ডে আজ থেকে শুরু হওয়া তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে বড় লক্ষ্যই দিয়েছে স্বাগতিকরা।
আগে ব্যাট করতে নেমে মার্টিন গাপটিলের ৯০, হেনরি নিকোলাসের ৬১, ব্রেন্ডন ম্যাককালামের ৪৪ ও মিচেল স্যান্টনারের অপরাজিত ৩৫ রানের সুবাদে ৮ উইকেটে ৩০৭ রান করেছে নিউজিল্যান্ড। জয়ের জন্য অস্ট্রেলিয়ার চাই ৩০৮ রান।
নিউজিল্যান্ডের সংগ্রহটা অবশ্য ৩৩০ থেকে ৩৫০ হতে পারত, ২৪.৩ ওভারেই ২ উইকেটে ১৮০ রান তুলেছিল। কিন্তু মিডল অর্ডার ব্যাটসম্যানরা কার্যকরী ইনিংস খেলতে না পারায় শেষ পর্যন্ত ৩০৭ রানের বেশি হয়নি।
অকল্যান্ডের ইডেন পার্কে টস হেরে ব্যাট করতে নেমে স্বাগতিকদের উড়ন্ত সূচনা দেন দুই উদ্বোধনী ব্যাটসম্যান গাপটিল ও ম্যাককালাম। চোট কাটিয়ে আগের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ফিরে গোল্ডেন ডাক মেরেছিলেন ম্যাককালাম। তবে এদিন অস্ট্রেলিয়ার বিপক্ষে চিরচেনা আগ্রাসী ম্যাককালামকেই দেখা যায়। সীমিত ওভারের ক্রিকেটে এটা যে তার বিদায়ী সিরিজও।
গাপটিলের সঙ্গে ১০.৫ ওভারে ৭৯ রানের উদ্বোধনী জুটি গড়েন ম্যাককালাম। জেমস ফকনারের বলে বোল্ড হয়ে ফেরা ম্যাককালাম ২৯ বলে ৫টি চার ও ৩টি ছক্কায় ৪৪ রান করেন। কেন উইলিয়ামসন অবশ্য এদিন ভালো করতে পারেননি। ২০১৩ সালের পর ওয়ানডেতে এই প্রথম ডাক মারেন এই ডানহাতি।
এরপর তৃতীয় উইকেটে হেনরি নিকোলাসের সঙ্গে ঠিক ১০০ রানের আরেকটি ভালো জুটি গড়েন গাপটিল। কিন্তু গাপটিল নিজের ১১তম ওয়ানডে সেঞ্চুরিটা মিস করেছেন রানআউটে কাটা পড়ায়। গ্লেন ম্যাক্সওয়েলের থ্রোতে রানআউট হওয়া গাপটিল ৭৬ বলে ৮ চার ও ৫ ছক্কায় ৯০ রান করেন। দলীয় ২৩১ রানে নিকোলাস ফেরার আগে করেন ৬১ রান।
এরপর মিডল অর্ডার ব্যাটসম্যানরা কার্যকরী ইনিংস খেলতে না পারলেও শেষ দিকে আটে নামা মিচেল স্যান্টনারের অপরাজিত ৩৫ রানের সুবাদে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৩০৭ রানের ভালো পুঁজি পায় নিউজিল্যান্ড। স্যান্টনারের ৩৯ বলের ইনিংসে ছিল ২টি ছক্কা ও একটি চারের মার।
অস্ট্রেলিয়ার বিপক্ষে জস হ্যাজেলউড, মিচেল মার্শ ও জেমস ফকনার দুটি করে উইকেট নেন। জন হাস্টিংয়ের ঝুলিতে জমা পড়ে একটি উইকেট।