লুণ্ঠিত বা হারানো সরকারি অস্ত্র ও গোলাবারুদের সন্ধান এবং উদ্ধারে সহায়তার জন্য নগদ অর্থ পুরস্কারের ঘোষণা দিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
একই সঙ্গে আগামী ১৫ নভেম্বর পর্যন্ত স্বেচ্ছায় ও স্বতঃস্ফূর্তভাবে এসব অস্ত্রের তথ্য দিলে তথ্যদাতার বিরুদ্ধে কোনো প্রকার আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে না বলেও স্পষ্ট জানানো হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম নগরীর বহদ্দারহাটে র্যাব-৭-এর চান্দগাঁও ক্যাম্পের (সিপিসি-৩) মিডিয়া সেন্টারে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় এ তথ্য জানান র্যাব-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাফিজুর রহমান।
ঘোষিত পুরস্কারের তালিকা অনুযায়ী—
-
রাইফেল, এসএমজি, এলএমজি ও স্নাইপার: তথ্য দিয়ে উদ্ধারে সহায়তা করলে মিলবে ২ লাখ টাকা।
-
শটগান, পিস্তল ও গ্যাস গান: তথ্যের জন্য দেওয়া হবে ৫০ হাজার টাকা।
-
সাউন্ড গ্রেনেড ও টিয়ার সেল: প্রতিটির তথ্যের জন্য ১ হাজার ৫০০ টাকা।
-
গোলাবারুদ/কার্তুজ: প্রতি রাউন্ডের জন্য ৫০ টাকা হারে নগদ অর্থ প্রদান করা হবে।
সংবাদ সম্মেলনে র্যাব অধিনায়ক জানান, তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রেখে তার সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং নির্দিষ্ট সময়সীমার মধ্যে তথ্য প্রদানকারীদের আইনি সুরক্ষা প্রদান করা হবে।
তবে র্যাবের পক্ষ থেকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলা হয়, আগামী ১৫ নভেম্বরের সময়সীমা পার হওয়ার পর কারও কাছ থেকে বা কারও হেফাজতে হারানো সরকারি অস্ত্র ও গোলাবারুদ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর ও সশ্রম শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থে এ বিজ্ঞপ্তি জারি করেছে র্যাব-৭ ও র্যাব সদর দপ্তর।





