ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে মঙ্গলবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ উঠেছে। শিক্ষার্থীদের নিকট থেকে অতিরিক্ত পরীক্ষার ফি আদায়-চারুকারু বিষয়ে অনিয়মতান্ত্রিক ভাবে চাঁদা আদায়সহ বিদ্যালয়ের দোকান ঘরের ভাড়া ও টয়লেট মেরামতের সরকারী অর্থ আত্মসাৎসহ বিভিন্ন অভিযোগ প্রধান শিক্ষক আইয়ুব হোসেনের বিরুদ্ধে।
উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, চলতি অর্থ বছরে বিদ্যালয়ের টয়লেট মেরামতের বরাদ্দকৃত ২০ হাজার টাকা কাজ না করে আত্মসাৎ, শিক্ষার্থীদের নিকট নির্ধারিত ফি’র চাইতেও জনপ্রতি ৫০ টাকা, চারুকারু বিষয়ে জনপ্রতি আরও ১০টাকা এবং বিদ্যালয়ের দোকানঘরের ভাড়া বাবদ প্রতি মাসে ১২শত টাকা আদায়করে প্রধান শিক্ষক আইয়ুব হোসেন আত্মসাৎ করেন মর্মে উপজেলা শিক্ষা অফিস প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেন।
এ বিষয়ে প্রধান শিক্ষক আইয়ুব হোসেনকে উপরোক্ত বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি, ‘শোকজ করার পর আমি টয়লেট মেরামতের কিছু কাজ করেছি এবং শোকজের জবাব দিয়েছি’ বলে স্বীকার করেন এবং ভাড়ার টাকা তুলে আত্মসাত ও অতিরিক্ত ফি আদায়ের বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন।
এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার গোলাম মোস্তফা শোকজের সত্যতা স্বীকার করে বলেন, অভিযুক্ত প্রধান শিক্ষক আইয়ুব হোসেন, সংশ্লিষ্ট ক্লাস্টারকে অনিয়মের বিষয়ে স্বীকার করেছেন ও শোকজের জবাব দিয়েছেন, কিন্তু আমরা আরও বিষদভাবে ঘটনাটি তদন্ত করে দেখবো, অভিযোগ প্রমান হলে তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”




