দিনাজপুরের হিলিতে খাবারের প্রলোভন দেখিয়ে ১০ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে সাজ্জাদ হোসেন (৬০) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৮ জুন) দুপুর আড়াইটার দিকে হাকিমপুর (হিলি) উপজেলার বৈগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেফতার সাজ্জাদ হোসেন ওই গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে এবং সম্পর্কে ভুক্তভোগী শিশুটির প্রতিবেশী দাদা হন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১০ বছর বয়সী ওই শিশুটি স্থানীয় একটি মাদ্রাসায় পড়ালেখা করে। প্রতিদিনের মতো রোববার দুপুরে মাদ্রাসা থেকে খাওয়া-দাওয়া ও পড়ালেখার প্রয়োজনীয় উপকরণ নেওয়ার জন্য সে নিজের বাড়ির দিকে যাচ্ছিল। পথে প্রতিবেশী দাদা সাজ্জাদ হোসেন শিশুটিকে একা পেয়ে বিভিন্ন ভালো খাবার দেওয়ার প্রলোভন দেখিয়ে কৌশলে নিজের ফাঁকা বাসায় ডেকে নিয়ে যান।
সেখানে ঘরের দরজা বন্ধ করে শিশুটির শরীরের বিভিন্ন জায়গায় হাত দিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায় সাজ্জাদ। একপর্যায়ে শিশুটির চিৎকারে ও ধস্তাধস্তিতে তিনি ব্যর্থ হন। পরে সাজ্জাদ তাকে কোনো খাবার না দিয়েই ভয়ভীতি দেখিয়ে তাড়িয়ে দিলে শিশুটি কাঁদতে কাঁদতে পুনরায় মাদ্রাসায় চলে যায়।
মাদ্রাসায় পৌঁছাতে দেরি হওয়ায় শিক্ষকরা শিশুটির কাছে কারণ জানতে চাইলে সে ভয়ে ও লজ্জায় কোনো কথা বলতে পারছিল না। এ সময় একই মাদ্রাসায় পড়ুয়া অন্য এক সহপাঠী শিক্ষকদের পুরো বিষয়টি খুলে বলে। পরবর্তীতে মাদ্রাসা কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে শিশুটির পরিবারকে বিষয়টি অবহিত করে।
এদিকে ঘটনাটি এলাকায় জানাজানি হলে গতকাল সোমবার সকালে অভিযুক্ত সাজ্জাদ হোসেন গ্রাম ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
এ সময় স্থানীয় বাসিন্দারা টের পেয়ে তাকে চারপাশ থেকে ঘেরাও করে আটকে রাখেন এবং থানায় খবর দেন। খবর পেয়ে হাকিমপুর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত বৃদ্ধকে গ্রেফতার করে এবং ভুক্তভোগী শিশুকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
হাকিমপুর (হিলি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে সময় সংবাদকে বলেন, ‘প্রতিবেশী এক বৃদ্ধ কর্তৃক ১০ বছরের শিশুকে খাবারের লোভ দেখিয়ে ধর্ষণচেষ্টার খবর পেয়ে আমরা আসামিকে গ্রেফতার করেছি। ভুক্তভোগী শিশুটিকে উদ্ধার করে জবানবন্দি ও প্রাথমিক চিকিৎসার জন্য আনা হয়েছে।’




