বাংলাদেশের একক বৃহত্তম রপ্তানি গন্তব্য মার্কিন যুক্তরাষ্ট্র বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি বলেছেন, দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের পাশাপাশি অর্থনৈতিক ও কৌশলগত সহযোগিতাও সময়ের সঙ্গে আরও বিস্তৃত হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম) আয়োজিত ৩০তম ইউএস ট্রেড শো অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্পিকার বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার অর্থনৈতিক সম্পর্ক অত্যন্ত ইতিবাচক। দুই দেশের বাণিজ্যিক ও অর্থনৈতিক অংশীদারত্ব আরও জোরদার করার যথেষ্ট সুযোগ রয়েছে। ৩০তম মার্কিন ট্রেড শো দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য ও ব্যবসায়িক সম্পর্কের অগ্রগতিকে তুলে ধরছে।
অ্যামচেমের তিন দশকের কার্যক্রমের প্রশংসা করে তিনি বলেন, দীর্ঘ এই সময়ে প্রতিষ্ঠানটি বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এবারের প্রদর্শনীতে স্বাস্থ্য প্রযুক্তি, বিদ্যুৎ ও জ্বালানি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি), ডিজিটাল অর্থনীতি, ব্যাংকিং ও আর্থিক সেবা, উৎপাদনশিল্প, শিক্ষা এবং কৃষিব্যবসার বিভিন্ন উদ্ভাবনী উদ্যোগ তুলে ধরা হয়েছে।
দেশের জ্বালানি সংকট মোকাবিলায় বঙ্গোপসাগর ও উপকূলীয় অঞ্চলে তেল-গ্যাস অনুসন্ধানে মার্কিন কোম্পানিগুলোকে বিনিয়োগের আহ্বান জানান স্পিকার। তিনি মনে করেন, এ খাতে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণ বাংলাদেশের জ্বালানি সম্ভাবনা কাজে লাগাতে সহায়ক হতে পারে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।
অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য দেন অ্যামচেমের সভাপতি সৈয়দ কামাল হোসেন।
বক্তব্য শেষে স্পিকার আনুষ্ঠানিকভাবে ৩০তম ইউএস ট্রেড শো-২০২৬-এর উদ্বোধন ঘোষণা করেন।
রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ৫ থেকে ৭ নভেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী এ প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে। এতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান তাদের পণ্য, প্রযুক্তি ও সেবা প্রদর্শনের পাশাপাশি বাংলাদেশের ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের সঙ্গে যোগাযোগের সুযোগ পাচ্ছে।
অনুষ্ঠানে মার্কিন প্রতিনিধিদলের সদস্য, বিভিন্ন দেশের দূতাবাসের কর্মকর্তা, অ্যামচেমের ভাইস চেয়ারম্যান ও নির্বাহী সদস্য, আমন্ত্রিত অতিথি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।





