সর্বজনীন পেনশন ব্যবস্থা শুধু অবসর জীবনের আর্থিক সহায়তা নয়, এটি মানুষের ভবিষ্যৎ নিরাপদ করার একটি দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে আয়োজিত ময়মনসিংহ বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা-২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে।
প্রতিমন্ত্রী বলেন, সর্বজনীন পেনশন ব্যবস্থার আওতায় একজন নাগরিক কর্মক্ষম থাকাকালে নিয়মিত অর্থ জমা রাখবেন। পরবর্তী জীবনে সেই সঞ্চয়ের ভিত্তিতে তিনি আর্থিক সুবিধা পাবেন। এটি ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তার জন্য একটি পরিকল্পিত ও দীর্ঘমেয়াদি সামাজিক বিনিয়োগ।
তিনি জানান, সর্বজনীন পেনশন ব্যবস্থায় বর্তমানে চারটি স্কিম রয়েছে—প্রবাস, প্রগতি, সুরক্ষা ও সমতা। নাগরিকরা নিজেদের পেশা ও অবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ স্কিম বেছে নিতে পারবেন। এসব স্কিমের মাধ্যমে ব্যক্তি নিজে যেমন ভবিষ্যৎ নিরাপদ করতে পারেন, তেমনি পরিবারের সদস্য ও সন্তানের ভবিষ্যৎ সুরক্ষার সুযোগও রয়েছে।
প্রতিমন্ত্রী পরিবার-পরিজন ও সহকর্মীদের সর্বজনীন পেনশন ব্যবস্থার আওতায় আনার আহ্বান জানান। তিনি বলেন, পরিবারের দীর্ঘমেয়াদি আর্থিক নিরাপত্তার জন্য এই ব্যবস্থায় যুক্ত হওয়া গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, দেশে বিভিন্ন পেশার মানুষের কর্মজীবন শেষে ভবিষ্যৎ নিরাপত্তার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেই। বেসরকারি খাতে কোথাও কোথাও কর্মী ও প্রতিষ্ঠান যৌথভাবে অবদান রাখলেও রাষ্ট্রীয়ভাবে সর্বজনীন পেনশন একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আজাদ জাহান। বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন অর্থ বিভাগের যুগ্ম সচিব শরীফ মোহাম্মদ নজরুল ইসলাম এবং বাংলাদেশ ব্যাংক ময়মনসিংহ শাখার নির্বাহী পরিচালক আরিফুজ্জামান।
মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. মো. সুরাতুজ্জামান।
অনুষ্ঠানে ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), বিভাগীয় কমিশনারের কার্যালয়, বিভিন্ন সরকারি দপ্তর, ব্যাংক ও জাতীয় পেনশন স্কিমের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
এর আগে সর্বজনীন পেনশন মেলা-২০২৬ উপলক্ষে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সার্কিট হাউস মাঠে মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।





